চীন সীমান্তে শক্তি বাড়াতে লাদাখে রাফাল মোতায়েন করার লক্ষ্যে ভারতীয় বায়ুসেনা!

গাল‌ওয়ান সংঘর্ষের পর এখন আপাতভাবে স্থিতিশীল ভারত চীন সম্পর্ক। দোভাল নীতির পর সরেছে দুইপক্ষেরই সেনা। কিন্তু চীন সীমান্তে সেনা সরানোর প্রক্রিয়া যথেষ্ট‌ই জটিল। এই অবস্থায় লাদাখ সেক্টরে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করার কথা ভাবছে ভারতীয় বায়ুসেনা।

ভারত সরকারের অনুরোধের ফলে দ্রুত রাফাল পাঠানোর বন্দোবস্ত করছে ফ্রান্স। আগামী ২৭ জুলাই আম্বালা বায়ুঘাঁটিতে ছ’টি রাফাল যুদ্ধবিমান পৌঁছানোর কথা। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রথম দফায় চারটি রাফাল পাঠানো হবে। নাম গোপন রাখার শর্তে এক আধিকারিক জানান, ‘গত এক বছর ধরে ফ্রান্সে অ্যাডভান্সড ওয়েপন সিস্টেম-সহ বিমানের যাবতীয় প্রশিক্ষণ সেরেছেন এয়ার এবং গ্রাউন্ড কর্মীরা।’ অন্য এক আধিকারিকের কথায়, লাদাখ-সহ যে জায়গায় প্রয়োজন, সেখানে কীভাবে যত দ্রুত সম্ভব রাফাল মোতায়েন করা যায়, তা খতিয়ে দেখছে বায়ুসেনা। পাশাপাশি রাফালের সম্ভাব্য ভূমিকা নিয়ে ভারতীয় বায়ুসেনার কমান্ডারদের সম্মেলনে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

নয়াদিল্লিতে আগামী ২২-২৪ জুলাইয়ের ভারতীয় বায়ুসেনার কমান্ডারদের সম্মেলনে বায়ুসেনার শীর্ষ আধিকারিকরা সম্ভবত চীনের সঙ্গে সীমান্ত বিবাদ, বায়ুসেনার প্রস্তুতি এবং যে কোনও পরিস্থিতিতে প্রস্তুত থাকার জন্য আরও কী কী কিনতে হবে, সেই বিষয়ে আলোচনা করবেন। তবে ভারতে রাফালের আগমনে অত্যন্ত উচ্ছ্বসিত বায়ুসেনার অবসরপ্রাপ্ত আধিকারিকরাও।

RELATED Articles

Leave a Comment