বরানগর বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপির সজল ঘোষের কাছে প্রায় ১৩ হাজার ভোটে পরাজিত হওয়ার পর কিছুদিন সোশ্যাল মিডিয়ায় নীরব ছিলেন। ফলাফল ঘোষণার পর সরাসরি কোনও মন্তব্য করেননি তিনি। তবে সম্প্রতি দুটি ছবি পোস্ট করে আবারো নজরে এসেছেন। প্রথম ছবিতে দেখা গেছে, তিনি সোফায় বিশ্রাম নিচ্ছেন এবং ক্যাপশনে লিখেছেন, “ভাইরাল ফিভার, ধীরে ধীরে সুস্থ হচ্ছি।” এতে বোঝা যাচ্ছে, নির্বাচনের চাপ এবং হারের পর শরীরও কিছুটা কষ্টে রয়েছে।
সোশ্যাল মিডিয়ার দ্বিতীয় ছবিতে সায়ন্তিকাকে দেখা গেছে জিমে ব্যায়াম করতে এবং ট্রেনারের সঙ্গে মিরর সেলফি তুলতে। ক্যাপশনে তিনি লিখেছেন, “যেখানে আমার স্থান, সেখানে ফিরে আসতে পেরে আমি খুশি।” অনেকেই মনে করছেন, এই পোস্ট থেকে বোঝা যাচ্ছে তিনি অভিনয় জগতে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন। দীর্ঘদিন রাজনীতিতে ব্যস্ত থাকার কারণে সিনেমা থেকে দূরে ছিলেন সায়ন্তিকা। তাই এই ছবি তার পুরনো পেশায় ফেরার ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে এ বিষয়ে তিনি এখনো স্পষ্ট কিছু বলেননি।
রাজনীতির দিকে তাকালে, সায়ন্তিকার পথচলা ছিল ওঠাপড়া ও চ্যালেঞ্জে ভরা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে তিনি হেরে গিয়েছিলেন। এরপর ২০২৪ সালের উপনির্বাচনে বরানগরের বিধায়ক পদে জয়ী হন। এবার বরানগরে হারের পর নতুন অধ্যায় শুরু হয়েছে। নির্বাচনের ফলাফলের পর তিনি বলেছেন, মানুষের রায়কে সম্মান করবেন এবং দায়িত্ব পালন করবেন। এই হারের পর এখন অনেকের মনে প্রশ্ন উঠছে, ভবিষ্যতে রাজনীতিতে কতটা সক্রিয় থাকবেন তিনি।
সায়ন্তিকা ৩ মার্চ ২০২১ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। যোগদানের সময় তিনি জানিয়েছিলেন, গত দশ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক ছিলেন। দলের জন্য এবং মানুষের সেবার উদ্দেশ্যেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সম্প্রতি নির্বাচনের পর দলের পরাজয়ের কারণে শোনা যাচ্ছে, তিনি রাজনীতির চাপ থেকে কিছুটা বিরতি নিতে চাইছেন। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কিছু জানাননি।
আরও পড়ুনঃ থাইল্যান্ডের নাগরিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরার নথিতে কি একাধিক পরিচয়ের ইঙ্গিত? বাবার নামের অসঙ্গতি থেকে PAN বিতর্কে ফের চর্চার কেন্দ্রে বন্দ্যোপাধ্যায় পরিবার!
বিনোদন জগতে সায়ন্তিকার শুরু ‘ধুম মাচা লে’ রিয়েলিটি শো থেকে। এরপর ‘টার্গেট’, ‘হ্যাংওভার’, ‘মনে পড়ে আজও সেই দিন’ প্রভৃতি সিনেমায় কাজ করেছেন। ২০১২ সালে ‘আওয়ারা’ সিনেমার সাফল্যের পর জনপ্রিয়তা পান। এরপর ‘শুটার’, ‘নকাব’, ‘বিন্দাস’, ‘ব্যোমকেশ পর্ব’, ‘বাঘ বন্দী খেলা’ এবং ‘শেষ থেকে শুরু’-সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। ২০২৩ সালে বাংলাদেশে ‘ছায়াবাজ’ সিনেমায় দেখা গেছে তাকে। এখন দেখার বিষয়, রাজনীতি থেকে বিরতি নিয়ে তিনি কি পুরোপুরি সিনেমায় ফিরবেন কি না।





