কাটল জট, আগামী কাল থেকেই টলিপাড়ায় শুরু হবে শুটিং, জানালেন অরূপ বিশ্বাস

অবশেষে আবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের শব্দ শোনা যাবে টলিপাড়ায়। শুটিং নিয়ে আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের মধ্যে জট কাটল এবং এই জট কেটেছে মন্ত্রী অরূপ বিশ্বাস এর দ্বিতীয়বার হস্তক্ষেপে। আগামীকাল থেকেই শুরু হচ্ছে শুটিং এমনটাই জানালেন অরূপ বিশ্বাস।

তিনি বলেন, “সব পরিস্থিতি মাথায় রেখেই এগিয়ে যাব। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। মূল সমস্যা ছিল এসওপি নিয়ে। সবার নিজস্ব মত থাকতে পারে। সবাই মিলে বসে আলোচনা করে সিদ্ধান্তে উপনীত হয়েছি।”

অন্যদিকে আর্টিস্ট ফোরামের পক্ষে অরিন্দম গঙ্গোপাধ্যায় বলেন, “নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। অনেকদিন ধরে কর্মহীন অবস্থায় বসে আছি। যে কোনও ক্ষেত্রেই এমন পরিস্থিতি কখনও আসেনি।” অভিনেতা শঙ্কর বলেন, “মতবিরোধ থাকতে পারে। সমস্যা ছিল। আলোচনা করে মিটিয়ে কাজ শুরু করছি। বিমা যা ছিল, তাই আছে। বিমার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।”

ঠিক কি হয়েছিল তা জানতে সকলেই আগ্রহী। ঘটনার সূত্রপাত এক সপ্তাহ আগে। গত ৪ঠা জুন মন্ত্রী অরূপ বিশ্বাস এর উপস্থিতিতে টলিপাড়ার সমস্ত বিভাগের প্রতিনিধি মিলে একটি বৈঠক করে সেখানে স্থির হয় ১০ই জুন থেকে শুটিং শুরু হবে।১৫ই জুন থেকে শুরু হবে নতুন এপিসোড সম্প্রচার। সেইসঙ্গে এই বৈঠকে শিল্পী ও কলাকুশলীদের বিমা নিয়ে সিদ্ধান্ত হয়। যেখানে বলা হয়, সিরিয়ালের ক্ষেত্রে বিমার ৫০ শতাংশ দেবে চ্যানেল কর্তৃপক্ষ, ৪০ শতাংশ প্রযোজক আর ১০ শতাংশ দেবে ফোরাম। অন্যদিকে সিনেমার ক্ষেত্রে বিমার ৫০ শতাংশ দেবে প্রযোজক আর বাকি ৫০ শতাংশ দেবে আর্টিস্ট ফোরাম। কিন্তু তারপর আচমকাই ছন্দপতন ঘটে। বিমার কাগজ হাতে না পাওয়া পর্যন্ত শুটিংয়ে অংশ নিতে শিল্পীদের নিষেধ করে আর্টিস্ট ফোরাম। তাদের বক্তব্য যতদিন না শিল্পীরা বিমার কাগজ হাতে পাচ্ছেন ততদিন যদি কিছু একটা হয়ে যায় শিল্পীদের তো তার দায় কে নেবে? এখন বিমার কাগজ তৈরি করে হাতে দিতে বেশ কিছুদিন সময় লাগবে বলে জানায় চ্যানেল কর্তৃপক্ষ। বিমার কাগজ নিয়ে এই জটেই থমকে যায় টলিপাড়ায় শুটিং শুরুর প্রক্রিয়া। আর্টিস্ট ফোরামের সিদ্ধান্তকে অমান্য করে শুটিংয়ে যোগ দেবেন এরকম কথা মনেও আনেননি অনেক অভিনেতা-অভিনেত্রী। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হন প্রযোজকরা। এরপরই ‘ক্ষুব্ধ’ প্রযোজকরা সিদ্ধান্ত নেয় দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টলিপাড়ায় আর কোনও শুটিং হবে না।

সব মিলিয়ে টলিপাড়ায় সৃষ্টি হয় এক বিচ্ছিরি অবস্থার। পুজোর আগে আর শুটিং শুরু হবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। এমতাবস্থায় জট কাটাতে ফের আরেকবার হস্তক্ষেপ করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সবপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে আগামিকাল বৃহস্পতিবার থেকে শুটিং শুরুর কথা জানান তিনি। তার এই আশ্বাসের পর টলিপাড়ার সকলেরই স্বস্তির নিঃশ্বাস পড়েছে।

RELATED Articles

Leave a Comment