এর আগেও তাঁর বিরদ্ধে মি-টু-এর অভিযোগ আনেন একাধিক অভিনেত্রী ও মডেল। আরও একবার ফের যৌন হেনস্থার অভিযোগ উঠল পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিনেত্রী শার্লিন চোপড়া।
অভিনেত্রীর দাবী, ২০০৬ সালে তিনি যখন পরিচালকের সঙ্গে দেখা করতে যান, তখন অত্যন্ত ঘৃণ্য ব্যবহার করেন পরিচালক তাঁর সবঙ্গে। রীতিমতো যৌন হেনস্থা করেন তাঁকে সাজিদ খান। এমনকি, নিজের পুরুষাঙ্গ বের করে তা শার্লিনকে অনুভব করতেও বলেন পরিচালক।
এর আগেও সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন সালোনি চোপড়া, র্যাচেল হোয়াইট, মন্দানা কারিমি-সহ আরও বেশ কিছু অভিনেত্রী ও মডেল। এমনকি, এক সাংবাদিকও সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে জানান যে সাজিদের সাক্ষাৎকার নেওয়ার সময়ও সাজিদ নিজের পুরুষাঙ্গ বের করেছিলেন।
কিছুদিন আগেই একটি ভিডিওতে প্রয়াত জিয়া খানের বোন করিশ্মা খান সাজিদের বাড়িতে তাঁর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান যে, একবার দিদি জিয়া খানের সঙ্গে তিনি সাজিদের বাড়িতে গিয়েছিলেন। তাঁর পরনে ছিল সরু স্ট্র্যাপের পোশাক। সাজিদ অনেকক্ষণ ধরে তাঁকে লক্ষ্য করার পর জিয়াকে জানান যে করিশ্মা নাকি তাঁর সঙ্গে সঙ্গম করতে ইচ্ছুক। করিশ্মা জানান, তখন তাঁর বয়স মাত্র ১৬ বছর।
সাজিদের এই কথা শুনে রীতিমতো চমকে উঠেন জিয়া। কিন্তু সাজিদ বলেন, করিশ্মার বসে থাকার ভঙ্গি দেখে নাকি তাঁর একথা মনে হয়েছে। জিয়া অবশ্য এর প্রতিবাদ করে জানান যে, করিশ্মা অনেক ছোটো, তিনি এসব কিছু চান না।
করিশ্মা আরও জানান যে, সাজিদের বাড়িতে ছবির চিত্রনাট্য পড়তে গিয়েছিলেন জিয়া। সেই সময় সাজিদ জিয়াকে নিজের পোশাক ও অন্তর্বাস খুলতে বলেন। করিশ্মা জানান, এই ঘটনার পর বাড়ি ফিরে জিয়া বেশ ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, তিনি নাকি চুক্তিবদ্ধ। তিনি যদি ছবি করতে বারণ করে দেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি মামলা করা হবে। আর ছবি করলে তাঁকে এই সমস্ত যৌন হেনস্থা সহ্য করতে হবে।





