বাকি দিনগুলোর মতো এই দিনটা নয়। এক বিশেষ ব্যাক্তির জন্য সবসময় এই দিনটি স্পেশ্যাল টলিপাড়ার জনপ্রিয় ও পরিচিত অভিনেত্রী শ্রতি দাসের কাছে। কে সে? প্রেমিক পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার? না, এই দিন তাঁর লাইফলাইন, তাঁর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষটির জন্মদিন। যাকে ছাড়া তাঁর জীবন একেবারেই অচল। গতকাল ছিল অভিনেত্রী শ্রুতি দাসের মা স্বরূপা দাসের জন্মদিন।
অন্য সমস্ত দিনের থেকে, ২৫ অক্টোবর দিনটা অভিনেত্রীর কাছে একটু আলাদা। তিনি বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। একথা সকলেরই জানা। নিজের মনের কথা সবসময় সোশ্যাল মিডিয়াতে ব্যক্ত করে থাকেন টলিপাড়ার এই ব্যক্তিত্ব। একইভাবে মায়ের এই বিশেষ দিনে আবেগপ্রবণ বার্তা দিলেন শ্রুতি। বহুবার তিনি বলেছেন, তাঁর মা তাঁর কাছের বন্ধু।
তবে মাকে যেমন ভয় পান তিনি, আবার মাকে ছাড়া এক মুহূর্তও চলে না তাঁর। সোশ্যাল মিডিয়ায় মাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “তোর হাসির জন্য সব করতেও পারি সব ছাড়তেও পারি (অন্যায় আবদার করবি না)। কারণ আমার মত তোকে কেউ ভালবাসতে পারবে না”। এরইসঙ্গে তাঁর কথাতে আফসোসের সুর ভেসে এলো। এদিন তেমন কিছু আয়োজন করতে পারেননি মায়ের জন্য। যে কারণে ক্ষমা চেয়েছেন।
লেখেন, “কিছুই করতে পারলাম না আজ সেভাবে, সব তোলা থাক। ক্ষমা করিস সব ভুলের জন্য”। এদিন মাঝরাতে মায়ের কেক কাটার ছবি পোস্ট করে নিজের মনের কিছু কথা লিখেছেন অভিনেত্রী। এমনিতে তারকারা শুটিংয়ের জন্য দিনরাত ব্যস্ত থাকেন। দর্শকদের আনন্দ দিতে নিজেদের জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য ভুলে কাজ করে যান।
অন্যদিকে শোনা গিয়েছে, শেষ হতে পারে ‘দেশের মাটি’ ধারাবাহিক। এক বছরও ঠিকমত চলতে পারলোনা সিরিয়াল। এদিকে এই বিষয়ে কোনও কিছু জানাননি চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থা। তাই রয়েছে বাড়তি চাপ। যে কারণে মার বিশেষ দিনে আর বিশেষ আয়োজন করতে পারেন নি দেশের মাটির নায়িকা। অনেকদিন আগে তিনি জানিয়েছিলেন, প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে তাঁর সম্পর্ক প্রথমে মেনে নিতে পারেননি তাঁর মা। তিন মাস কথা বন্ধ রেখেছিলেন। কিন্তু এখন সেই ব্যক্তি তাঁর নয়নের মণি হয়ে দাঁড়িয়েছে। হবু জামাইকে চোখে হারান শাশুড়ি মা। সময় পেলেই মাকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন শ্রুতি এবং স্বর্ণেন্দু।
এখন টলিউডে বেশ ভালো পরিচিতি লাভ করেছেন অভিনেত্রী। ধীরে ধীরে বেশ ভালই জনপ্রিয়তা হাসিল করেছেন শ্রুতি দাস। পাশাপাশি এদিন মায়ের জন্মদিনে তাঁর পোস্টে সকল অনুরাগীরা শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। এমনিতে মাঝে মধ্যে চর্চায় থাকেন তিনি। প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারকে ঘিরে নানা সমালোচনার মুখোমুখি হতে হয় তাঁকে। কিন্তু সেসবে কোনও দিনই পাত্তা দেননি। তবে এদিন অভিনেত্রীর পোস্টে কুমন্তব্যের বদলে জুটেছে শুভেচ্ছা বার্তা।





