পাকিস্তান (Pakistan) এবার নিজেদের ফাঁদেই নিজেরা পড়েছে। ইমরান খানের দেশের তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (FIA) জঙ্গি তালিকায় নাম রয়েছে এমন ১১ জনের যারা মুম্বই জঙ্গি হামলার প্রত্যক্ষভাবে জড়িয়ে ছিল। তারা হল মহম্মদ ওসমান, আতিকুর রহমান, রিয়াজ আহমেদ, মহম্মদ মুস্তাক, মহম্মদ নইম, আবদুল শুকুর, মহম্মদ সাবির, মহম্মদ উসমান, শাকিল আহমেদ। এদের সবার নাম রাষ্ট্রসংঘের জঙ্গি তালিকাতেও রয়েছে। এদের নাম আগেই করেছিল ভারত। কিন্তু প্রথম থেকেই ভারতের এই দাবি অস্বীকার করে আসছিল পাকিস্তান।
প্রসঙ্গত উল্লেখ যোগ্য, ২০০৮ সালে মুম্বই জঙ্গি হামলায় (Mumbai terrorist attack) পাকিস্তানের যে প্রত্যক্ষ হাত রয়েছে তা প্রমাণ করেছিল ধৃত জঙ্গি আজমল কাসভ। তার পরেও পাকিস্তান স্বীকার করতে রাজী ছিলনা, তাদের মাটি থেকেই হামলার পুরো পরিকল্পনা হয়েছিল। কিন্তু এবার নিজেদের তদন্তেই ফাঁদে পড়ে গেল ইমরান খান সরকার।
সাল ২০০৮-এ মুম্বই জঙ্গি হামলায় সমুদ্রপথে বাণিজ্য নগরীতে আসার জন্য কেনা হয়েছিল আল ফৌজ নামে কটি বোট। সেটি কিনেছিল FIA এর জঙ্গি তালিকায় থাকা মহম্মদ আমজাদ খান। তার বাড়ি মুলতানে। ওই বোটটি ছাড়াও সে করাচির ARZ water sport থেকে কিনেছিল একটি ইয়ামাহা মোটর বোট ইঞ্জিন, লাইফ জ্যাকেট। ওই সব জিনিস ব্যবহার হয়েছিল মুম্বই হামলায়।
আল ফৌজ বোটের ক্যাপ্টেন ছিল শাহিদ গফুর। তার নামও রয়েছে জঙ্গি তালিকায়। পাক তদন্ত সংস্থার ওই তালিকায় রয়েছে ৯ বোট ক্রুর নাম। এরাই পাক জঙ্গিদের এনেছিল মুম্বইয়ে।





