গায়ক অভিজিৎ ভট্টাচার্যের মন্তব্য বারবার এসেছে শিরোনাম। কখনও শাহরুখকে অকৃতজ্ঞ বলা তো ও কখনও সলমনকে বলিউডের অযোগ্য নায়ক বলা। একাধিক চাঁচাছোলা মন্তব্যে তিনি বলিউডের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। আর এবার তাঁর নিশানায় অভিনেতা রণবীর কাপুর। বলতে গেলে নাম না নিয়েই ‘অ্যানিম্যাল’ অভিনেতার বিরুদ্ধে চরম কটাক্ষ করেছেন বাঙালি গায়ক।
গত বছর জানুয়ারিতে মহা সমারোহে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হয়। আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন থেকে দীপিকা পাড়ুকোন, রণবীর সিংয়ের মতো তাবড় তারকারা। স্ত্রী আলিয়াকে নিয়ে সেখানে হাজির হয়েছিলেন খোদ রণবীর কাপুরও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিত ভট্টাচার্যের মন্তব্যে উঠে আসে সেই রামমন্দিরের উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিতদের প্রসঙ্গ। যেখানে তিনি পরোক্ষভাবে রণবীর কাপুরের বিরুদ্ধে অভিযোগের তির ছোঁড়েন। কটাক্ষের সুরে তিনি বলেছেন, ”অযোধ্যার রামমন্দির উদ্বোধনে এমন এক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে যিনি নিজে গোমাংস খান। এদিকে, আমাদের দেশে গরুকে মা হিসেবে পুজো করা হয়!”
এর আগে এক সাক্ষাৎকারে গোমাংস খাওয়ার কথা উল্লেখ করেছিলেন রণবীর। যা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। যদিও এখন সময় বদলেছে। রণবীর কাপুর আমিষাশী থেকে নিরামিষাশী হয়েছেন। তিনি মদ্যপান-সহ সমস্ত নেশা থেকে দূরে থাকেন। জানা যাচ্ছে, আগামী দিনে বড় পর্দায় তাঁকে রামচন্দ্রের চরিত্রে দেখা যাবে। তবে পুরনো কাসুন্দি ঘেঁটে অভিজিৎ কিন্তু পর্দার ‘সঞ্জু’কে নিশানায় করেছেন বলে মত নিন্দুকদের।
আরও পড়ুনঃ বিজেপির দাবি ! শ্যামাসুন্দরী মন্দিরের তহবিল দখল করতে তৃণমূলের ষড়যন্ত্র, পুরোহিতের বক্তব্যে উত্তেজনা তুঙ্গে!
উল্লেখ্য, একদা বলিউড থেকে টলিউড বিপুল জনপ্রিয়তা পেয়েছেন গায়ক অভিজিৎ। এখনও টুকটাক প্লে ব্যাক সঙ্গীতে শোনা যায় তাঁর কন্ঠ। তবে গানের চেয়েও সাম্প্রতিককালে অভিজিৎ বিতর্কিত মন্তব্যের জেরেই বেশি শিরোনামে উঠে এসেছেন। তাঁর তুলোধনা করতে কার্যত বাদ যাননি শাহরুখ, সলমন এমনকী অস্কারজয়ী এ আর রহমানও।






