রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তী, নিসপাল সিং রানে এঁদের পর এবার তালিকায় নাম এল সোহম চক্রবর্তীর (Soham Chakraborty)। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা। কোভিড ১৯ এর সংক্রমণ ক্রমাগত বাড়তেই থাকছে দেশজুড়ে। এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে সংখ্যার বিচারে সবচেয়ে বেশী কোভিড আক্রান্ত ভারতবর্ষেই। যদিও মৃত্যুর হার ক্রমশ কমছে এবং সুস্থতার হার ক্রমশ বাড়ছে। কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চূড়ান্ত সাবধানতার মধ্যে থেকেও নিস্তার পাচ্ছেননা টলি বলি সেলেবরাও।
এবার করোনা থাবা বসাল অভিনেতা সোহম চক্রবর্তীর শরীরে। এর আগে বড় পর্দার নিসপাল সিং রানে (Nispal Singh Rane), রঞ্জিত মল্লিক (Ranjit Mallick), কোয়েল মল্লিক (Koel Mallick), রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) ছাড়াও ছোট পর্দার বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার নতুন করে আক্রান্ত হলেন সোহম চক্রবর্তী। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এই তারকা অভিনেতা। কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তী এঁরা সুস্থ হয়ে পুনরায় শুটিং এর কাজ শুরু করে দিয়েছেন।
অনেক সাবধানতা অবলম্বন করে শুটিং করলেও মাঝেমধ্যেই টলিপাড়া থেকে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে। তাঁদের সবারই একটাই বক্তব্য। করোনা লুকিয়ে রাখার বিষয় নয়। বরং আক্রান্ত হলে সঠিক চিকিৎসার মাধ্যমে অতি সহজেই সুস্থ হওয়া সম্ভব হচ্ছে।আপাতত সেলেব থেকে সাধারণ মানুষ সকলেই করোনার ভ্যাকসিন কবে আসবে সেই দিকে পথ চেয়েই বসে আছেন।





