ফের একবার মানুষের পাশে বলি অভিনেতা সোনু সুদ। অসমের এক যুবককে কৃত্রিম হাতের বন্দোবস্ত করে দিলেন অভিনেতা। ফের একবার অনুরাগীদের মন জয় করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে গোটা ঘটনাটি জানালেন নিজেই।
জানা গিয়েছে, অসমের বাসিন্দা রাজু আলি দুর্ঘটনার মুখে পড়ে তাঁর দুটো হাত হারিয়ে ছিলেন। সে কথা জানতে পারে সোনু সুদের স্বেচ্ছাসেবী সংস্থা। সেই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়েই রাজুর হাতের ব্যবস্থা করে ফেলেন সোনু। মাত্র তিনদিনেই। ফেসবুকে সোনু সুদ লিখলেন, “আমার কর্তব্য ছিল, পালন করলাম”।
তবে এই প্রথমবার নয়। এর আগেও এমন নানান কাজ করেছেন অভিনেতা। জব্বলপুরের এক যুবকের কৃত্রিম হাতের বন্দোবস্ত করে দিয়েছিলেন তিনি। এক দুর্ঘটনায় জব্বলপুরের ওই যুবকের হাত বাদ যায়। ওই যুবককে কৃত্রিম হাত লাগাতে সাহায্য করেন সোনু ফাউন্ডেশন। যুবকের অস্ত্রোপচারের সমস্ত খরচ বহন করে সোনু সুদের ওই সংস্থা।
বরাবরই সোনু সুদ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এসেছেন। ২০২০ সালে করোনা পরিস্থিতির সময় পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে নানান মানুষকে সাহায্য করা, সবই করেছেন এই বলি অভিনেতা। গরীব মানুষের কাছে তিনি মসীহা। মাঝেমধ্যেই নানান ধরণের পোস্ট করে তরুণ প্রজন্মকে সমাজসেবার কাজে উদ্বুদ্ধ করেন সোনু।





