লকডাউনের সময় গরীব, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। অভিনয় জগতে ভিলেনের চরিত্রে তাঁকে দেখা গেলেও বাস্তব জীবনে একেবারে হিরোর মতোই কাজ করে দেখিয়েছেন অভিনেতা সোনু সুদ। এবার এর একবার দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে এক বড় পদক্ষেপ করলেন তিনি। বন্ধক রাখলেন নিজের ৮টি সম্পত্তি।
জানা গিয়েছে, মুম্বইয়ের জুহুতে সোনুর যে ৮টি সম্পত্তি রয়েছে, তার সবগুলোই স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাঙ্কের কাছে বন্ধক রেখেছেন তিনি। এর মধ্যে রয়েছে দুটি দোকান ও ছ’টি ফ্ল্যাট। জুহুর শিবসাগর সিজিএইচ-এর গ্রাউন্ড ফ্লোরে ২টি দোকান ও ৬টি ফ্লোরের ৬টি ফ্ল্যাট বন্ধক রেখেছেন তিনি। ইস্কন মন্দিরের কাছে অবস্থিত এই বিল্ডিং।
এর জন্য চুক্তিতে সই করা হয় গত ১৫ই সেপ্টেম্বর ও রেজিস্ট্রেশন করা হয় গত ২৪শে নভেম্বর। জানা গিয়েছে এই সম্পত্তিগুলি ছিল সোনু ও তার স্ত্রীয়ের নামে। রেজিস্ট্রেশনের ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে ১০ কোটি টাকা ঋণের জন্য। সূত্রের খবর, এই রিন গৃহঋণের চেয়ে অনেক চড়া দামে নেওয়া হয়েছে। যদিও এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেন নি সোনু।
এর আগেই সোনু কৃষকদের আন্দোলনের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান যে গরীব কৃষকেরা আমার মা-বাবার সমান।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় মাইলের পর মাইল হেঁটে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সোনু। তাদের ঘরে ফেরাতে ট্রেন, বাস, এমনকি বিমানের ব্যবস্থাও করেন তিনি। সোনু ও তার টিম একটি টোল ফ্রি নম্বর ও একটি হোয়াটসঅ্যাপ হেল্পলাইন খোলেন। এর মাধ্যমে বিপদে পড়া মানুষজন, যারা ঘরে ফিরতে ইচ্ছুক, তাদের সাহায্য করেছেন তিনি। শুধু তাই-ই নয় দুঃস্থ পরিবারকে সাহায্য, কারোর ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়া, কর্মহীন মানুষকে কর্মসংস্থান করে দেওয়া, এসবই করেছেন তিনি। মানবসেবার কাজের জন্য বহু মানুষের প্রশংসাও কুড়িয়েছেন অভিনেতা।





