ফের একবার শিরোনামে এলেন সোনু সুদ। এবার অনাথ তিন শিশুকে দত্তক নিয়ে মানবিকতার নতুন নজির সৃষ্টি করলেন বলিউডের এই অভিনেতা, এর আগে লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে হইচই ফেলে দিয়েছিলেন বলিউডের ভিলেন চরিত্রে অভিনয় করা এই তারকা। এছাড়াও লকডাউন এর জেরে কাজ হারানো মানুষদেরও চাকরি দিয়েছেন সোনু। সম্প্রতি তেলেঙ্গানার তিনটি অনাথ শিশুর সারা জীবনের দায়িত্ব নিয়ে হৈচৈ ফেলে দিয়েছেন এই অভিনেতা।
জানা গিয়েছে, এই তিনটি শিশুর বাবা মারা গিয়েছেন এক বছর আগে এবং মা মারা গিয়েছে কিছু দিন আগে। তিন শিশুর মধ্যে যে বড় সে বাকি দুজনের এতদিন কোনো রকমে দেখভাল করছিল। রাজেশ করনাম বলে একজন ব্যক্তি সম্প্রতি এই তিন শিশুর দুর্দশার কথা জানিয়ে সোনু সুদকে ট্যাগ করে টুইট করেন। “তেলেঙ্গনার ইয়াদারি ভুবনগিরি জেলার তিন শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে। ওদের আর কেউ নেই। ওদের মধ্যে যে বড় সে কোনওক্রমে অন্যদের দেখভাল করছে। ওরা অনাথ হয়ে গিয়েছে। ওরা আপনার সাহায্যপ্রার্থী। অনুগ্রহ করে ওদের পাশে দাঁড়ান”।
তিনি একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যাচ্ছে যে শিশুটি বাকি দুজন শিশুকে দেখভাল করছে সে সোনুকে উদ্দেশ্য করে বলে তার সাহায্যের হাত বাড়িয়ে দিতে তাদের দিকে। তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। ভিডিও বলিউড অভিনেতার নজরে করতেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই তিনটি শিশু এখন আর অনাথ নয়। ওদের দায়িত্ব এখন আমার।
পর্দায় ভিলেনের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে সুপারহিরো চরিত্রে অভিনয় করছেন এই বলিউড অভিনেতা। এই তিনটি অনাথ শিশুকে দত্তক নিয়ে তিনি আরেকবার প্রমাণ করলেন যে মানবিকতা এখনও শেষ হয়ে যায়নি পৃথিবীতে।





