রাগের মাথায় বাবার ঘরেই আগুন লাগিয়ে দিল এক ছেলে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সাবংয়ে (Sabang)। ঘটনার পর থেকে অভিযুক্তের খোঁজ চলছে।
সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের সাবংয়ের বাসিন্দা বিজয় মানা। তিনি তাঁর স্ত্রী, দুই ছেলে ও বউমাদের নিয়েই থাকতেন। কিন্তু বছর কয়েক আগেই বাবা-মায়ের থেকে আলাদা থাকতে শুরু করে ছোট ছেলে বিকাশ ও তাঁর স্ত্রী। বিকাশ পেশায় একজন গাড়িচালক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সে রোজ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তার স্ত্রীর সঙ্গে অশান্তি করে এমনকি মারপিটও করে। শনিবার গভীর রাতেও স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয় বিকাশ-এর। এরপর বউ ও ছেলেকে মারধর শুরু করে ওই যুবক। অশান্তি টের পেয়ে ঘটনাস্থলে যান বিজয় মানা। এরপর ছেলের এমন কাণ্ডের প্রতিবাদ করেন তিনি।
এই ঘটনায় প্রচন্ড রেগে গিয়ে বাবার ওপর ক্ষোভ উগড়ে দিতে বাবার ঘরে আগুন লাগিয়ে দেয় বিকাশ। গভীর রাতে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাড়ি। এরপর আগুন জ্বলতে দেখে ছুটে আসেন প্রতিবেশীরা। কোনও ক্রমে আগুন নেভানো যায়। তবে বাড়ির অনেক জিনিসই পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় কারোর প্রাণহানি হয় নি।
এরপর পুরো বিষয়টি পুলিশকে জানিয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজয়বাবু। ঘটনার পর থেকে বিকাশের কোনো খোঁজ নেই। ঘটনার তদন্তে নেমেছে সাবং থানার পুলিশ।





