কেন ‘বাংলার বাঘ’ বলা হয় তাঁকে, নিজেই উত্তর দিলেন সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়, এই নামটি গোটা বাঙালি জাতির কাছে গর্বের। শুধুমাত্র ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেই নয়, সৌরভকে ব্যক্তিগতভাবেই ভালোবাসেন কলকাতা তথা বাংলার মানুষ। ঘরের ছেলে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় বলে কথা, গর্ব তো হবেই।

সৌরভ গঙ্গোপাধ্যায় নামটার সঙ্গে এক আবেগ কাজ করে বাঙালির। সৌরভকে সম্মান জানিয়েই ‘মহারাজ’, ‘দাদা’ নানান নামেই ডাকা হয়ে থাকে। আবার তাঁকে ‘বাংলার বাঘ’ও বলা হয়। কিন্তু হঠাৎ এমন নাম কেন? জানেন কী? এবার এই প্রশ্নের জবাব নিজেই দিলেন সৌরভ।

চলতি মাস থেকেই শুরু ‘দাদাগিরি’র নতুন সিজন। সৌরভের সঞ্চালনায় জি বাংলার এই শো এক অন্য মাত্রা পেয়েছে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এই শো-এর জন্য। এই শো-তে খেলা ছাড়াও নানান ধরণের মজা হয়ে থাকে। প্রতিযোগীরা মাঝেমধ্যেই দাদাকে বেশ চমকে দেওয়ার মতো প্রশ্ন করে থাকেন। আর দাদাও তেমনই সমস্ত প্রশ্নের উত্তর একেবারে ‘লে ছক্কা’ বলেই হাঁকান।

এই সিজনের প্রথম পর্বেও এমনই নানান মজাদার ঘটনা ঘটে খেলার মাঝেই। এক মহিলা প্রতিযোগী সৌরভকে কিছু প্রশ্ন করেন। সৌরভকে ওই প্রতিযোগী প্রশ্ন করেন, “সৌরভ গাঙ্গুলি জামাই হিসেবে নাকি ডোনা গাঙ্গুলি বৌমা হিসেবে, কে বেশি ভালো”। চট করে সৌরভের উত্তর, “দাদার কোনও তুলনাই নেই”।

এরপরই ওই প্রতিযোগী সৌরভকে প্রশ্ন করেন, “তোমাকে যে বাংলার বাঘ বলা হয়, সেটা কেন বলা হয়”? আর প্রশ্নের উত্তরেই বাজিমাত করে দেন মহারাজ। মুখে কোনও উত্তর দেন নি তিনি। শুধু নিজের বুকের বামদিকে আঙুল দিয়ে ইঙ্গিত করেন দাদা। আর তাতেই কেল্লাফতে। সকলে নিজেদের উত্তর পেয়ে যান।

সৌরভ নিজের মন ও মনের জোরের কথা বলতে চাইলেন, তা বেশ স্পষ্ট। সত্যিই তো, বড়, উদার মন না হলেও এত মানুষের ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। সকলে যে এমন ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখেন মহারাজকে, সেটাই তাঁর ‘বাংলার বাঘ’ উপাধি পাওয়ার আসল কারণ। সত্যিই বাঘের মতোই সাহস ও মনের জোর রয়েছে সকলের প্রিয় দাদার।

RELATED Articles