অয্যোধ্যা নয়, কলকাতাতেই তৈরি হল রাম মন্দির, উদ্বোধন করতে আগামী সপ্তাহেই শহরে আসছেন অমিত শাহ

এখন আকাশে-বাতাসে শুধু আগমনীর সুর। চারিদিকে পুজোর গন্ধ। শহর সেজে উঠছে আলোয় আলোয়। ঢাকে কাঠি পড়ল বলে। দেবী আগমনের আর বেশিদিন বাকি নেই। কাল বাদ পরশুই শুরু হয়ে যাবে দেবীপক্ষ। মা দুর্গার মর্ত্যে আসার অপেক্ষা এখন আপামর বাঙালির।

মহালয়ার আগেই শুরু হয়ে গিয়েছে পুজোর উদ্বোধন। আজ, বৃহস্পতিবারই শ্রীভূমির পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতায় রাম মন্দিরের উদ্বোধন করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী সপ্তাহের ১৬ অক্টোবরই শহরে আসছেন তিনি।

কোথায় হল এই রাম মন্দির?

কলকাতার নানান বড় বড় পুজো কমিটিগুলির সঙ্গেই নানান রাজনৈতিক নেতাদের নাম যুক্ত রয়েছে। তেমনই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো আসলে বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলেই পরিচিতি পায় এখন। সেই দুর্গাপুজোতেই এবছরের থিম হল রাম মন্দির।

অযোধ্যার রাম মন্দির এখনও নির্মীয়মাণ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই মন্দিরের দ্বার জনসাধারণের জন্য খোলা হবে বলে জানা গিয়েছে আপাতত। কিন্তু এর আগেই কলকাতার মানুষ দর্শন পেয়ে যাবেন রাম মন্দিরের। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপকে এই বছর সাজিয়ে তোলা হয়েছে একেবারে অযোধ্যার রাম মন্দিরের আদলেই। আর সেই পুজোর উদ্বোধন করতেই আগামী সপ্তাহে কলকাতা আসছেন অমিত শাহ।

বলে রাখি, গত বছর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ছিল লাল কেল্লা। লাইট অ্যান্ড সাউন্ড শো ছিল মণ্ডপে। যা দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছিল। আর এবার তাদের থিম হল অযোধ্যার রাম মন্দির। আগামী সোমবার এই পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ।

প্রসঙ্গত, ২০২০ সালে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিতে প্রভাব বৃদ্ধি করার চেষ্টা করেছিল বিজেপি। সেই বছর ইজেডসিসিতে দলীয় পুজো উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজোর সময় রাজ্যে অমিত শাহও এসেছিলেন শহরে। তবে এই বছর আর বিজেপি দলীয় ব্যানারে কোনও পুজো করছে না। 

RELATED Articles