কলকাতা নগরী যেন এখন এক মিছিল নগরীতে পরিণত হয়েছে। কথায় কথায় মিছিল, বিক্ষোভ। রাজনৈতিক বিষয় হোক বা অন্য কোনও ইস্যু, কলকাতা শহরে মিছিলের অন্ত নেই। আর এই মিছিল নিয়েই এবার বেশ বিরক্তি প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
মিছিল ও ধর্নার অনুমতি নিয়ে শিক্ষকদের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। মিছিলের জন্য অনুমতি চাওয়া শিক্ষকদের এদিন বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সাফ জানায়, “আপনাদের শিক্ষকতা করতে হবে না। রাস্তাতেই থাকুন”।
কেন এমন বললেন প্রধান বিচারপতি?
আসলে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন ডিএ ও অন্যান্য দাবী নিয়ে বিকাশ ভবনের সামনে ধর্না ও মিছিল করতে চেয়ে হাইকোর্টে মামলা করেছিল। সেই মামলা দ্রুত শুনানির আর্জি জানানো হয়। সেই মামলার শুনানিতেই এভাবে শিক্ষক সংগঠনের উপর ক্ষোভ উগড়ে দেন প্রধান বিচারপতি।
এদিন এই মামলার শুনানিতে বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, “এদের জন্য আমার কোনও সহমর্মিতা নেই। নিজেদের কায়েমি স্বার্থ ছাড়া সবাইকে অবহেলা করছে। মানুষের কথা ভাবে না কেউ। অফিস যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে”।
প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “রোজ ১৫ টা করে মিছিল হয়। স্কুলের বাচ্চারা হয়রানির শিকার হচ্ছে। অ্যাম্বুল্যান্স পর্যন্ত আটকে যাচ্ছে, রাস্তায় পড়ে থেকে মানুষ মারা যাচ্ছে”।
শিক্ষকদের তিরস্কার করে প্রধান বিচারপতি বলেন, “আপনারা মিছিল করুন, পুলিশ লাঠি চার্জ করুক, কাঁদানে গ্যাস ছুড়ুক, আদালতের কিছু করার নেই। রোজ রোজ এই মিছিল শহরকে স্তব্ধ করে দিচ্ছে। সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছে”।
প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যে অনেক শিক্ষক আন্দোলন করছেন। ডিএ-র দাবীতে আন্দোলন করছে সংগ্রামী যৌথ মঞ্চ। এদিন শিক্ষক সংগঠন এই মামলার দ্রুত শুনানির আর্জি জানালে তা খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তিনি জানান, এই মামলার দ্রুত শুনানির কোনও প্রয়োজন নেই। পুজোর পর হবে এই মামলার শুনানি।





