‘এমন দৃশ্য ১২ বছরে কখনও দেখিনি’, কী ঘটেছিল সেদিন মঞ্চে? কেকে’র অকালপ্রয়াণে চাঞ্চল্যকর তথ্য দিলেন নজরুল মঞ্চের কর্মী

গানে গানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ইয়ুথ আইকন’ কেকে। কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করার পরই গোটা দুনিয়াকে স্তব্ধ করে না-ফেরার দেশে চলে গিয়েছেন তিনি। কেকে’র এই আকস্মিক মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না। গোটা দেশ, বিশ্বের নানান প্রান্ত থেকে নানান মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সঙ্গীতশিল্পীকে।

কিন্তু ঘটনার দিন অর্থাৎ মঙ্গলবার ঠিক কী ঘটেছিল নজরুল মঞ্চে? সেই প্রেক্ষাগৃহেরই এক কর্মী সামনে আনলেন এক চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান যে তিনি নজরুল মঞ্চে গত ১২ বছর ধরে কাজ করছেন। কিন্তু গতকালের মতো দৃশ্য তিনি এর আগে কখনও দেখেন নি।

ওই কর্মীর অভিযোগ, প্রেক্ষাগৃহে যে আসন সংখ্যা ছিল, তার থেকে অনেক বেশি লোকজন ভিতরে ঢুকে গিয়েছিল। ভিড়ের জন্য নানান বিশৃঙ্খলাও দেখা যায়। প্রেক্ষাগৃহের পিছনের দিক থেকে বোতল ছোঁড়াই এর প্রমাণ। অনুষ্ঠান শেষের পরও তা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গিয়েছে।

ওই কর্মী জানান যে গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ মঞ্চে উঠেছিলেন কেকে। একটার পর একটা গান গেয়ে যাচ্ছিলেন তিনি। মাঝে একবার ব্যাকস্টেজে গিয়ে ঘাম মুছে এসে ফের গান ধরেন। অনুষ্ঠান শেষ হয় ৮টা ৪০ মিনিট নাগাদ।

কর্মীর কথায়, এদিন অনুষ্ঠানের প্রথম থেকেই খুবই ভিড় ছিল। আসন সংখ্যা যেখানে ২৪৮২, সেখানে ভিড় হয় ৮০০০। ৭টা দরজার মধ্যে ৫টাই খোলা ছিল বলে জানানো হয়। মঞ্চের দু’দিকেও লোক ভিড় করে ছিল। ওই কর্মী জানান যে এসি বন্ধ ছিল না। কিন্তু দরজা খোলা থাকার কারণে এসি কাজ করছিল না।

কেকে’র কলকাতায় অনুষ্ঠান করতে আসা নিয়ে গোটা কলকাতাবাসীর উত্তেজনা ছিল চরমে। আর সেই অনুষ্ঠান করতে এসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কেকে। এদিন অনুষ্ঠানের পরই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

কেকে’র মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন নানান মহলের মানুষ। এমন পরিস্থিতিতে নজরুল মঞ্চের বিশৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। অতিরিক্ত ভিড়ের কারণে দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার অভিযোগ উঠেছে। কেএমডি-র তরফে এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

RELATED Articles

Leave a Comment