সাধারণত ছেলে মেয়েদের মুখ বাবা না মা, কার মতো হয়েছে, সেটা নিয়ে আলোচনা ভারতবর্ষে বেশ সাধারণ একটা বিষয়। বিশেষ করে সেই ছেলে বা মেয়ে যদি কোনও স্টারকিড হয়, তাহলে তো কথাই নেই। সেই তারকার অনুরাগীদের মধ্যেও সেই গসিপ খুবই উপভোগ্য হয়। আর সেই তারকা যদি হন বলিউডের বাদশা শাহরুখ খান, তাহলে সেই গসিপ কতটা ছড়াতে পারে তা আন্দাজ করাই যাচ্ছে।
কথা হচ্ছে শাহরুখ খানের কন্যা সুহানা খানকে নিয়ে। সম্প্রতি সুহানার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়। যে ছবিকে ঘিরেই আলোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে বাবা শাহরুখ খান বা মা গৌরী খানের মুখের আদলের সঙ্গে মিল নেই সুহানার। তবে কার মতো দেখতে সুহানাকে?
নেট জনতার একাংশ দাবী করছেন সুহানাকে নাকি অবিকল তাঁর ঠাকুমা লতিফ ফতিমা খানের মতো দেখতে। আর এই বিবৃতি স্বীকারও করেছেন স্বয়ং কিং খান। সুহানা নাকি তার দাদিজীর হুবহু প্রতিমূর্তি এমনটাই জানিয়েছেন অনেকে।
কিন্তু সুহানাকে বি টাউনে কবে পদার্পণ করতে দেখা যাবে? এই নিয়েও শুরু হয়েছে জল্পনা। বড় বড় পরিচালক, প্রযোজক সকলেই আশা করে আছেন সুহানার ডেবিউ তাঁদের হাত ধরেই হোক। করণ জোহর থেকে শুরু করে সঞ্জয় লীলা বনশলি কেউই বাদ নেই সেই তালিকায়। সকলেই মুখিয়ে আছেন সুহানার ডেবিউয়ের দিকে। শুধু সুহানাই নয়, জাহ্নবী কাপুর থেকে সারা আলি খান বা অনন্যা পান্ডে বা আলায়া ফার্নান্ডেজ সব তারকা সন্তানদেরই ডেবিউয়ের দিকে তাকিয়ে বলিউডের একাংশ। কিন্তু শাহরুখ খান এই মুহূর্তে সুহানার ডেবিউ নিয়ে কোনও সদর্থক ইঙ্গিত দেননি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুহানা এখন নিউ ইয়র্কে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছে। তার ডিগ্রি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বলিউডে পা রাখবেনা সুহানা এমনটাই জানিয়েছেন কিং খান।
আপাতত এখন থেকেই আগামী প্রজন্মের নায়ক নায়িকার তালিকা বিশ্লেষণ করতে শুরু করে দিয়েছেন প্রযোজক পরিচালক থেকে শুরু করে আপমর সিনেমাপ্রেমীরা।





