তাঁর করা এফআইআর-এ এখন জোরদার ফেঁসেছেন রিয়া চক্রবর্তী এবং তার গোটা পরিবার। এবার রিয়া চক্রবর্তীকে গ্রেফতারির দাবি তুললেন সুশান্তের বাবা কে কে সিং। তাঁর অভিযোগ, সুশান্তকে বিষ খাইয়েছেন রিয়া। গত ২৬ শে জুলাই যখন পাটনার রাজেন্দ্রনগর থানায় এফআইআর দায়ের করেন কে কে সিং সেখানে রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ ছিল সুশান্তের ওপর মানসিক অত্যাচার এবং আর্থিক তছরুপের। কিন্তু এবার সুশান্তের বাবার সরাসরি অভিযোগ, রিয়াই সুশান্তকে খুন করেছেন।তিনি বলেছেন, ‘রিয়া চক্রবর্তী আমার ছেলে সুশান্তকে দীর্ঘ দিন ধরে বিষ খাওয়াতো। তদন্তকারী সংস্থার উচিত রিয়া ও তার সহযোগীদের গ্রেফতার করা।”
একই সুর শোনা গেল সেটা সুশান্তর দিদি শ্বেতা সিং কীর্তির গলাতেও। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন যে ভাইকে হত্যার ঘটনায় অপরাধীদের অবিলম্বে যেন গ্রেফতার করা হয়। তিনি লিখেছেন, “যে মানুষগুলো ওই নৃশংসতম অপরাধ করেছে, তারা কী ভাবে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে? আমার জবাব চাই। অবিলম্বে তাদের হেফাজতে নেওয়া উচিত। #ArrestCulpritsOfSSR।”
অন্যদিকে এর মধ্যেই কঙ্গনা রানাওয়াত ফের আরেকবার বিতর্কের ঝড় তুলেছেন। সুশান্ত ড্রাগ নিতেন বলে সম্প্রতি খবরে উঠে এসেছে। এই মামলায় তাই নারকোটিকস সেল যদি তদন্ত করে তাহলে বলিউডের অনেক মহারথী ধরা পড়বেন বলে মন্তব্য করেছেন কঙ্গনা। এছাড়া তিনি এই মামলায় নারকোটিকস সেলকে তথ্য দিয়ে সাহায্য করবেন এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। আবার সেই কারণে সুশান্তের দিদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছেন যাতে কঙ্গনাকে প্রয়োজনীয় সুরক্ষা দেওয়া হয়।
কয়েকদিন আগেই পাওয়া তথ্য অনুযায়ী সুশান্তকে জোর করে মাদক খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হত। এমনকী দুবাইয়ের ড্রাগ ব্যবসায়ীর সঙ্গে মৃত্যুর দিন সুশান্তের দেখাও হয়েছে বলে দাবি তুলেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। গোটা ঘটনায় রিয়াও জড়িত বলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন তথ্য উঠে আসছে। তাই এই বিষয়ে আলাদা করে তদন্ত শুরু করেছে এনসিবি।এনসিবি-র ডিজি রাকেশ আস্থানা জানিয়েছেন, ‘তদন্ত শুরু হয়েছে এবং এই মামলার তদন্তে পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।’
কঙ্গনার কথায়, নারকোটিকস সেল যদি এবার বলিউডে ঢুকে তদন্ত শুরু করে তাহলে যা পরিমাণ কেচ্ছা বেরিয়ে আসবে তা দেখে সবাই অজ্ঞান হয়ে যাবেন। বলিউডের প্রথম সারির কত অভিনেতা-অভিনেত্রীরা যে মাদকাসক্ত তা এবার সামনে এসে যাবে। প্রধানমন্ত্রী তো স্বচ্ছ ভারত মিশন অভিযান শুরু করেছিলেন। বলিউড কে যদি সহ্য করতে হয় তাহলে এবার সেটা বুলিউড হয়ে যাবে, কটাক্ষ মন্তব্য কঙ্গনার।





