সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলা সম্পূর্ণ অন্য দিকে মোড় নিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিক চক্রবর্তীর ইডি দপ্তরে আজ জেরা হয়েছে। সৌভিক কে আগে ছেড়ে দেওয়া হলেও রিয়াকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টানা জেরা করা হচ্ছিল বলে খবর। এছাড়াও সুশান্ত সিং রাজপুতের কল ডিটেলস থেকে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবং রিয়া চক্রবর্তীর কল ডিটেলস থেকেও অনেক কিছুই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে।
এর মধ্যেই আজ পাটনা রওনা দিলেন পাটনা সেন্ট্রালের পুলিশ সুপার বিনয় তিওয়ারি। যাওয়ার আগে সংবাদমাধ্যমকে বলে গেলেন, মুম্বাই পুলিশ সম্বন্ধে ভালোই অভিজ্ঞতা হয়েছে তাঁর! আসলে মুম্বাই পুলিশ তাকে কোয়ারেন্টাইন এ পাঠায়নি, এই গোটা তদন্তকেই কোয়ারেন্টাইন এ পাঠিয়ে দিয়েছে মুম্বাই পুলিশ।
আজ থেকে ৫ দিন আগে মুম্বাইতে বিহার পুলিশের তদন্তকারী দলকে নেতৃত্ব দেওয়ার জন্য পা রেখেছিলেন বিনয় তিওয়ারি। কিন্তু মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে অভিযোগ যে মুম্বাইতে পা রাখা মাত্রই তাকে বিএমসি জোর করে ১৪ দিনের কোয়ারেন্টাইন এ পাঠিয়ে দেয়। সকলেই মন্তব্য করেন যে বিহার পুলিশের তদন্তে বাধা দিতেই ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে মহারাষ্ট্র সরকার। গতকাল সন্ধ্যাবেলায় কেন্দ্র যেহেতু এই তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেয় সেজন্য বিহার পুলিশের তরফ থেকে বিনয় তিওয়ারিকে পাটনায় ফেরার আর্জি জানানো হয় যা মেনে নেয় বিএমসি। ৮ ই আগস্ট এর মধ্যে তাঁকে পাটনায় ফিরতে হবে এই নির্দেশ দেওয়া হলেও বিনয় তিওয়ারি আর দেরি করেননি। তিনি আজকেই পাটনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যদিও রওনা দেওয়ার আগে তাঁর তির্যক মন্তব্য বুঝিয়ে দিয়ে গেল যে মুম্বাই পুলিশের ওপর তিনি কতটা নারাজ!





