সুশান্ত সিং রাজপুতের পরিবারে একের পর এক দুর্যোগ যেন নেমেই আসছে। সুশান্তর আত্মহত্যার ৪৮ ঘন্টাও কাটেনি এর মধ্যেই জানা গেল সোমবার মারা গিয়েছেন সুশান্তের বৌদি সুধা দেবী। দেওরের মৃত্যু শোক সহ্য না করতে পেরে অসুস্থ হয়ে মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে সুশান্তের পরিবার সূত্রে।
গতকাল যখন মুম্বাইয়ের সুশান্তের শেষকৃত্য চলছিল সেই সময়ই বিহারের পূর্ণিয়া গ্রামে মারা যান সুধা দেবী। সুশান্তর পরিবার সূত্রে জানা যাচ্ছে রবিবার যখন সুশান্তের মৃত্যুসংবাদ বিহারের বাড়িতে পৌঁছায় তখনই অসুস্থ হয়ে পড়েছিলেন সুধা দেবী। তিনি সুশান্তের খুড়তুতো দাদা অমরেন্দ্র সিংয়ের স্ত্রী।
অমরেন্দ্র জানিয়েছেন সুশান্তর মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই খাওয়া-দাওয়া বন্ধ করে দেন তাঁর স্ত্রী। অসুস্থ হয়ে পড়েন তিনি। বারবার জ্ঞানও হারাচ্ছিল তাঁর। শেষে চিকিৎসক ডেকেও কোন লাভ হয়নি। যখনই জ্ঞান ফিরছিল বারবার সুশান্তের কথা জিজ্ঞেস করছিলেন বৌদি সুধা। পরে বেলা বাড়তেই যত বাড়িতে লোক সমাগম হতে থাকে তিনি আরও অসুস্থ বোধ করতে থাকেন। সোমবার সকাল থেকেই তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। অবশেষে যখন মুম্বাইতে সুশান্তের শেষকৃত্য চলছিল সেই সময় পূর্ণিয়াতে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুধা দেবী।
পরপর দুটো মৃত্যুতে কার্যত বিধ্বস্ত সিং পরিবার। এমনিতেই সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং একমাত্র ছেলের এরকম মর্মান্তিক পরিণতির খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন। সোমবারে তিনি ও তাঁর মেয়ে অর্থাৎ সুশান্তের দিদি সহ পরিবারের বাকি সদস্যরা মুম্বাইয়ে পৌঁছান। সুশান্তর মুখাগ্নি করার সময় তাঁর বাবা পুরোপুরি ভেঙে পড়েন। সেই সময় পরিবারের আরেক সদস্য এর মৃত্যু দৃশ্যত শোকের মাত্রা আরো অনেকগুণ বাড়িয়ে দিল সিং পরিবারে।





