অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলা এবার চাঞ্চল্যকর মোড় নিল! অভিনেতার চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করলেন সুশান্ত সিং রাজপুতের বাবা। সূত্র মারফত জানা যাচ্ছে যে এফআইআর-এ আরো পাঁচ জনের নাম রয়েছে। পাটনা সেন্ট্রাল জোনের আইজি সঞ্জয় সিং সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যার মধ্যে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও রয়েছে।
পাটনার যে থানার অন্তর্গত এলাকায় সুশান্তের পৈতৃক বাড়ি সেই রাজেন্দ্রনগর থানাতেই এই এফআইআর দায়ের করা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে, ভারতীয় সংবিধানের ৩০৬ ধারা (আত্মহত্যায় প্ররোচনা দেওয়া), ৩৪১ ধারা(দুর্ব্যবহারের জন্য শাস্তি), ৩৪২ ধারা ( অন্যায় ভাবে আটকে রাখার জন্য শাস্তি), ৩৮০ ধারা (চুরি করার অভিযোগ), ৪০৬ ধারা (বিশ্বাস ভঙ্গ করার জন্য ফৌজদারি অভিযোগ) ও ৪২০ ধারা (সম্পত্তি নিয়ে প্রতারণা) এফআইআর দায়ের করা হয়েছে।
সাম্প্রতিক খবর অনুযায়ী বিহার পুলিশের চার সদস্যের একটি দল মুম্বাই পৌঁছেছে এবং মুম্বাই পুলিশের সঙ্গে তারা এই কেসের ব্যাপারে আলোচনা করবে। এছাড়াও জানা গিয়েছে বিহার পুলিশের তরফ থেকে মুম্বাই পুলিশের কাছে মহিলা কনস্টেবল চাওয়া হয়েছে এই মামলায় সহায়তা করার জন্য। এর আগে রিয়াকে টানা ৯ ঘন্টা ম্যারাথন জেরা করেছিল মুম্বাই পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে যে, রিয়াকে আবার জেরার জন্য ডাকা হতে পারে। তবে এবার ঘটনার পরিস্থিতি অন্যরকম।
সুশান্ত এর মৃত্যুর একমাস পূর্ণ হওয়ার দিনে রিয়া চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করেছিলেন যাতে গোটা ঘটনায় তদন্ত হয়। তার দু’সপ্তাহের মধ্যেই সুশান্তের পরিবারের তরফ থেকে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় গোটা ঘটনার গতিপ্রবাহ এখন অন্যদিকে বইতে শুরু করল। আগামী দিনে কী রহস্য উন্মোচিত হবে সেটাই এখন দেখার।





