গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ এবার বিজেপিতেও, দলবিরোধী কাজের অভিযোগে বীরভূমে বহিষ্কৃত হলেন ২ বিজেপি নেতা

এতদিন তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ শোনা যাচ্ছিল। কিন্তু এবার বিরোধীপক্ষের মধ্যেও এই গোষ্ঠীকোন্দলের খবর পাওয়া গেল। উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ, বিজেপির আদি এবং নব্য কর্মীদের মধ্যে কিছুটা হলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে এক কড়া পদক্ষেপ নিল গেরুয়া শিবির। দলের বিরুদ্ধে কাজের অভিযোগ এনে এবার বীরভূমের দুই বিজেপি নেতাকে দল থেকে বহিষ্কার করলো বীরভূমের বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল।

মঙ্গলবার বীরভূমে দলের প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল ও প্রাক্তন সম্পাদক পলাশ মিত্রকে বহিষ্কার করেছে বিজেপি।

এই খবর প্রকাশের সময় বীরভূমের বিজেপি সভাপতির বক্তব্য ছিল, ‘কালোসোনা মণ্ডল ও পলাশ মিত্র দল বিরোধী কাজ করছে। বহু জায়গা থেকে তাদের দলবিরোধী কাজকর্মের অভিযোগ পাওয়া গেছে। এরপর সেই অভিযোগগুলি রাজ্য কমিটির কাছে পাঠানো হলে তাঁরা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।’

উল্লেখ্য কালোসোনাকে ৩ বছরের জন্য ও পলাশ মিত্রকে ৪ বছরের জন্য দল থেকে বার করে দেওয়া হয়েছে অর্থাৎ দলের কোনো কাজে তাঁরা থাকতে পারবেন না।

শ্যামাপদবাবুর এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে তাঁকে পাল্টা তৃণমূলের দালাল বলেছেন কালোসোনা মণ্ডল। তিনি অভিযোগ করেছেন, ‘শ্যামাপদ মণ্ডল কিন্তু ঠিক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। সেই কথা জানতে পেরে তার প্রতিবাদ করার ফলস্বরূপ আমাকে বহিষ্কার করা হয়েছে। আমার বিরুদ্ধে নয়, বরং বালিঘাট নিয়ে শ্যামাপদ মণ্ডলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।’

ক্ষমতার লোভে এখন অনেকেই পার্টি বদল করে গেরুয়া শিবিরে ভিড়েছে। যার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। দল যত বড় হচ্ছে ততই বাড়ছে তাদের দলীয় কোন্দলও। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষ হাতে এই সমস্যার সমাধান করছে রাজ্য কমিটি।

RELATED Articles

Leave a Comment