মঙ্গলবার রাত থেকেই আলোচনায় রয়েছেন অভিনেত্রী সুস্মিতা রায়। তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে আগের বিবাহবিচ্ছেদ নিয়ে আগে থেকেই নানা বিতর্ক ছিল। সেই পরিস্থিতির মধ্যেই হঠাৎ বিয়ের খবর প্রকাশ্যে আসায় অনেকেই অবাক হয়েছেন। খুব অল্প সময়ের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি নিয়ে কৌতূহলও বেড়েছে।
অভিনয়ের পাশাপাশি এখন ব্যবসাতেই বেশি মন দিয়েছেন সুস্মিতা। সেই সূত্রেই পরিচয় হয় শুভাশিস দে-র সঙ্গে। ধীরে ধীরে তাঁদের সম্পর্ক গভীর হয় এবং শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। অভিনেত্রীর কথায়, সব কিছু খুব দ্রুত হয়েছে এবং পরিকল্পনার জন্য বেশি সময় নেননি।
সুস্মিতা জানিয়েছেন, মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বয়স এখন ৩৬, তাই মা হওয়ার ইচ্ছাটাও তাঁর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুভাশিস তাঁর এই অনুভূতিকে সম্মান করেছেন বলেই তাঁকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া সহজ হয়েছে।
গত ১৫ মার্চ তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। নতুন জীবনের শুরুটা নিয়ম মেনেই করতে চান সুস্মিতা। ইতিমধ্যেই নিউটাউনে একটি ফ্ল্যাট কিনেছেন তাঁরা, যেখানে নতুন করে সংসার সাজাচ্ছেন এই দম্পতি। পাশাপাশি একসঙ্গে ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁদের।
আরও পড়ুনঃ West Bengal assembly election 2026 : মুকুল রায়ের প্রয়া*ণে শ্মশান পর্যন্ত সঙ্গ, তারপরই কি রাজনৈতিক দূরত্ব? প্রার্থী তালিকায় নাম নেই শুভ্রাংশুর—দলের ভেতরে কি বদলাচ্ছে সমীকরণ?
তবে বিয়ের খবর সামনে আসতেই তাঁর অতীত নিয়ে আবারও নানা মন্তব্য শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। এমনকি তাঁর অন্তঃসত্ত্বা অবস্থার ছবি নিয়েও কটাক্ষ করা হয়েছে। এই প্রসঙ্গে সুস্মিতা স্পষ্ট জানিয়েছেন, তিনি নেতিবাচকতা থেকে দূরে থাকতে চান এবং অতীতের বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ।





