প্রযোজক হিসেবে সরে দাঁড়িয়ে ছিলেন, ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই ডিগবাজি ‘তারকাটা’ প্রযোজক, অভিনেতা বিক্রম চ্যাটার্জীর

শুক্রবার রাতেই আচমকা বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। জানিয়ে দিয়েছিলেন জি ফাইভের সিরিজ তারকাটা থেকে তিনি প্রযোজকের দায়িত্বে থাকছেন না। সৃজনশীল মতপার্থক্যের কথা তুলে ধরে তাঁর এই সরে দাঁড়ানো ভক্তদের বেশ অবাক করেছিল এবং সিরিজের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

কিন্তু মাত্র আটচল্লিশ ঘণ্টার মধ্যেই পুরো ছবিটা বদলে গেল। রবিবার সকালে জি ফাইভের পক্ষ থেকে একটি পোস্ট সামনে আসতেই স্পষ্ট হয়ে যায় এই সিদ্ধান্তের পেছনে ছিল অন্য পরিকল্পনা। পোস্টে জানানো হয় তারকাটা সিরিজে বিক্রম চট্টোপাধ্যায় ফিল্মসই প্রযোজক হিসেবে থাকছে এবং যাত্রা শুরু হয়ে গেছে।

এরপর আরও উত্তেজনা বাড়ায় একটি ভিডিও যেখানে নিজে হাজির হয়ে বিক্রম জানান সিরিজের নাম যখন তারকাটা তখন কিছু চমক তো থাকবেই। তিনি স্পষ্ট করে দেন যে প্রযোজক হিসেবেও তিনি এই প্রজেক্টের সঙ্গে যুক্ত আছেন। এই নাটকীয় মোড় ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।

আরও পড়ুন: সোনারপুরে জনতার বিক্ষোভ ঘিরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়! ঘটনার নিন্দায় মুখ খুলে কী বললেন সায়নী ঘোষ?

অভিনয়ের দীর্ঘ যাত্রার পর এই প্রথম প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন বিক্রম। ফলে এই সিরিজ তাঁর কেরিয়ারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শুক্রবারের ঘোষণায় মন খারাপ হলেও রবিবারের এই চমকে আবারও উচ্ছ্বাস ফিরে এসেছে দর্শকদের মধ্যে এবং সিরিজ ঘিরে আগ্রহ আরও বেড়েছে।

তারকাটা সিরিজে বিক্রমের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দেবেশ রায়চৌধুরী প্রিয়াঙ্কা সরকার সুস্মিতা রায় সত্যম ভট্টাচার্য ও আয়ুশ দাস। পরিচালনায় আছেন শমীক রায়চৌধুরী। এক প্রাক্তন পুলিশ অফিসারের রহস্যময় খুনের তদন্তকে কেন্দ্র করে এগোবে গল্প যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা আনতে চলেছে।

আরও অন্যান্য খবর