টেলিভিশন দুনিয়ার বহু পুরনো একটি ঘটনা আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। অভিনেত্রী সানভি তালওয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ২০১৫ সালে সম্প্রচারিত ‘ইয়ে কাঁহা আ গয়া হাম’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সহ অভিনেতা করণ কুন্দ্রার আচরণে তিনি অপমানিত ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর অভিযোগ প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।
সানভির কথায়, একটি রোম্যান্টিক দৃশ্যের শুটিংয়ের সময় পরিচালক শট শুরু করার নির্দেশ দেওয়ার আগেই করণ তাঁকে জোর করে চুমু খেয়েছিলেন। ঘটনায় তিনি হতবাক হয়ে যান এবং সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে করণকে চড় মারেন। তাঁর দাবি, বিষয়টি তখনই শেষ হয়নি, বরং কিছুক্ষণ পর আরও বড় বিতর্কের সৃষ্টি হয়।
অভিনেত্রীর অভিযোগ, প্রায় পনেরো মিনিট পরে করণ সেটে ফিরে এসে সবার সামনে তাঁকে জোরে চড় মারেন। সেই আঘাতে তিনি মাটিতে পড়ে যান বলে দাবি করেছেন সানভি। তিনি আরও বলেন, ওই সময় সেটে উপস্থিত কেউ তাঁর পাশে দাঁড়াননি। এমনকি তাঁকে এবং তাঁর পরিবারকে লক্ষ্য করে অশালীন ভাষায় অপমান করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি। এই ঘটনার পর তিনি শুটিং ছেড়ে বাড়ি ফিরে যান এবং অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন।
সানভি আরও জানান, পরে প্রযোজক একতা কাপুর তাঁর সঙ্গে কথা বলেন এবং করণ কুন্দ্রার পক্ষ থেকে ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তাঁর দাবি, এই ঘটনার আগেও করণের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি একাধিকবার অস্বস্তির মুখে পড়েছিলেন। সেই অভিজ্ঞতার কথা তিনি করণের তৎকালীন প্রেমিকা অনুষা দান্ডেকরকেও জানিয়েছিলেন।
আরও পড়ুনঃ NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘিরে দিল্লিতে ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন জিৎ! স্বচ্ছ তদন্তের দাবি নিয়ে, সরকারের কাছে কী আর্জি টলিউড সুপারস্টারের?
অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, এরপর থেকে অনুষা প্রায়ই শুটিং সেটে উপস্থিত থাকতেন এবং করণের আচরণের দিকে নজর রাখতেন। তবে সানভির এই গুরুতর অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত করণ কুন্দ্রার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। বহু বছর আগের এই ঘটনাকে ঘিরে আবারও টেলিভিশন মহলে এবং সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।






