টলিউডে কয়েকটি ছবি করেই তিনি বেশ নাম করে ফেলেছেন। টালিগঞ্জের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় গোনা হয় তাঁকে। এবার এই বঙ্গ তনয়া পা রাখতে চলেছেন বলিউডেও। খুব শিগিগিরিই ‘সানাক’ নামক একটি হিন্দি ছবিতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে।
নতুন এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে বিদ্যুৎ জামালকে। বিদ্যুৎকে প্রধানত অ্যাকশন ছবিতে দেখেই অভ্যস্ত দর্শক। এবারেও তার অন্যথা হবে না। রুক্মিণীর সঙ্গে যে ছবিতে বিদ্যুৎ অভিনয় করতে চলেছেন, সেটিও একটি অ্যাকশন ছবি। ছবিটির পরিচালনায় রয়েছেন বিপুল অমৃতলাল রায়।
কখনও দেবের সঙ্গে আবার কখনও অন্য নায়কের সঙ্গে জুটি বেধে বেশ কয়েকটি ছবি করেছেন রুক্মিণী। লাস্যময়ী রুপ ও অভিনয়ের দক্ষতা দিয়ে খুব অল্প সময়েই দর্শকের মন জিতে নিয়েছেন রুক্মিণী। এবার বলিউডে তিনি কী যাদু দেখান, এখন সেটাই দেখার পালা।
এই বিষয়ে রুক্মিণী বলেন, “দু-তিনমাস আগে আমার কাছে প্রস্তাবটা আসে। বিদ্যুতের বিপরীতে ওরা একটি নতুন মুখ খুঁজছিলেন। বিপুল স্যার আগে আমার কাজ দেখেছিলেন। আমার একটা সাক্ষাৎকার পড়ে আমাকে কাস্ট করার কথা ভেবেছিলেন। পরে অনলাইনে অডিশন দিই। এরকম একটা সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে”।
প্রসঙ্গত, দেবের সঙ্গে ‘চ্যাম্প’ ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখেন রুক্মিণী। এবার পালা বলিউডে পা রাখার। এই ছবিতে বিদ্যুৎ ও রুক্মিণী ছাড়া আর কে কে অভিনয় করছেন, তাও জানা যাবে কিছুদিনের মধ্যেই।





