তৃণমূলে নিজের উত্তরাধিকারকে প্রতিষ্ঠা করতে গিয়েই দলের পুরোনো নেতাদের উপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রীর বিরুদ্ধে এমনই তোপ দাগলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় l
এই দিন বেলেঘাটায় পদযাত্রা করেন এই তৃণমূল ত্যাগী নেতা৷ সঙ্গী হয়েছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ সেই সভা থেকেই প্রাক্তন দলের কান্ডারীকে আক্রমণ করে শোভন বলেন, রক্তের সম্পর্ককে প্রতিষ্ঠা করতে গিয়ে যাঁরা ঘাম, রক্ত, শ্রম দিয়ে তৃণমূলকে প্রতিষ্ঠা করেছেন, তাঁদেরকেই ধাক্কা মেরে বের করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী নির্বাচনেই মানুষই তৃণমূল কংগ্রেসকে ধাক্কা দিয়ে এর জবাব দেবে৷’ শোভনের তোপ যে আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই, তা বলার অপেক্ষা রাখে না৷ বার বারই তৃণমূলনেত্রীর বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা ৷
তাৎপর্যপূর্ণ ভাবে শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়ের মতো দলত্যাগী তৃণমূল নেতাদের নিশানাতেও রয়েছেন অভিষেক।
শুধু মমতাকে আক্রমণ করে থামেননি শোভন, কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক ফিরহাদ হাকিমকেও আক্রমণ করেছেন তিনি৷ বলেন, ‘আমি ছেড়ে আসার পর কলকাতা পুরসভার দায়িত্ব যাঁরা নিয়েছেন, নির্বাচন হলে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মানুষই বুঝিয়ে দেবেন তাঁরা ঠিকমতো দায়িত্ব পালন করেছেন কি না৷’
প্রসঙ্গত উল্লেখ্য, এক সময় বেহালাই ছিল শোভনের গড়। সেখানকার রাজনীতির শেষ কথাও ছিলেন শোভন৷ কিন্তু পুরোনো দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর থেকেই বেহালাতেও যাতায়াত কমেছে শোভনের৷ কলকাতার প্রাক্তন মেয়র অবশ্য জানিয়েছেন, নিজের গড়ে ফিরছেন তিনি৷ আগামী ২ ফেব্রুয়ারি বেহালাতে রোড শো করবেন তিনি৷ আর এবার নিজের গড় পুনরুদ্ধার করতে প্রতিজ্ঞ তিনি।





