*‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে বিতর্ক! পরিচালক বিবেক অগ্নিহোত্রির বিরুদ্ধে FIR দায়ের, থানায় অভিযোগ তৃণমূল নেতার*

*বহরমপুর:* আসছে ৫ সেপ্টেম্বর ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মুক্তি। কিন্তু রিলিজের আগেই চড়ছে বিতর্কের পারদ। ছবির টিজার প্রকাশ্যে আসতেই উত্তাল রাজনৈতিক মহল ও সিনেমাপ্রেমীরা। এবার সরাসরি পরিচালকের বিরুদ্ধে দায়ের হল FIR। বহরমপুর থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল পরিচালিত ভাকুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব কুন্ডু। অভিযোগ, টিজারে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো বিষয় রয়েছে।

বিপ্লব কুন্ডুর দাবি, এই সিনেমা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিপন্ন করতে পারে। টিজারে হিন্দু দেব-দেবীদের অপমান করা হয়েছে, এবং ঘৃণামূলক ভাষা প্রয়োগ করে সনাতন ধর্মকে হেয় করা হয়েছে বলেই তাঁর অভিযোগ। সেই কারণেই তিনি আইনি পদক্ষেপের আবেদন জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগটি দায়ের হয়েছে বুধবার রাতেই।

প্রসঙ্গত, এর আগেও বিবেক অগ্নিহোত্রির ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘তাসকন্দ ফাইলস’, ‘বুদ্ধা ইন আ ট্র্যাফিক জ্যাম’-এর মতো ছবি নিয়ে বিতর্ক হয়েছিল। রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। কিন্তু এসবের মধ্যেও থামেননি পরিচালক। এবার বাংলা ঘিরে বিতর্কের কেন্দ্রে তাঁর নতুন সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’।

টিজারে দেখা গিয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী, সৌরভ দাস ও শাশ্বত চট্টোপাধ্যায়কে। টিজার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে ছবিটি ঘিরে টলিউডেও ছড়িয়েছে আলোড়ন। FIR দায়ের হওয়ার পর বিতর্ক আরও জোরাল হল বলেই মনে করছে সিনে মহল।

আরও পড়ুনঃ Data Leak: নতুন ডেটা চুরি ঘিরে আতঙ্ক! সরকারি পরিষেবা থেকে সোশ্যাল মিডিয়া—সবখানে ছড়িয়ে ১৬ বিলিয়নের বেশি তথ্য!

চলচ্চিত্রের মুক্তির আগেই আইনি জটিলতা ঘিরে বাড়ছে উত্তেজনা—এবার দেখার, কী পদক্ষেপ নেয় প্রশাসন এবং কী বলেন পরিচালক স্বয়ং।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles