ইউভান ছোটো থেকেই সেলিব্রিটি। জন্মের পর থেকেই তার নানান ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত শেয়ার করেন রাজ ও শুভশ্রী। আর ইউভানের কোনও ছবি বা ভিডিও মানেই তা মুহূর্তে ভাইরাল। তার জনপ্রিয়তা নানান বিখ্যাত তারকাদের থেকে কোনও অংশে কম নয়।
ইউভানের নানান ছবি বা ভিডিও সে তার প্রথম দাঁড়ানোর ছবি হোক, প্রথম পার্টি করার ছবি হোক বা মা-বাবার সঙ্গে ঘুরতে যাওয়ার নানান মুহূর্ত, সবটাই ক্যামেরাবন্দি করেন রাজ ও শুভশ্রী।
সম্প্রতি ইউভানের আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হল। এই ভিডিওতে আবার ইউভানকে দেখা যাচ্ছে ফুটবল খেলতে। রাজ-শুভশ্রীর কমপ্লেক্সের পার্কেই ফুটবল পায়ে দেখা মিলল রাজ-পুত্রের। হাতে বল নিয়ে হাঁটতে হাঁটতে এসে বলটি রেখে সোজা কিক বলে।
দু-একবার আবার বলটা নিয়ে এ’পা ও’পা ঘোরানোর চেষ্টাও করল ছোটো খুদে। তবে ততটা আর পেরে ওঠেনি। এরপর বলটা রেখে ক্যামেরার সামনে এগিয়ে আসে সে।
সম্ভবত মায়ের সঙ্গেই নীচে পার্কে খেলতে গিয়েছিল ইউভান। কমপ্লেক্সের এই জায়গায় ইউভানকে মাঝেমধ্যেই খেলতে দেখা যায়। এদিন নীল জামা, সাদা প্যান্ট, ও সাদা জুতোতে বেশ দেখাচ্ছিল রাজ-শুভশ্রীর ছেলেকে। মাথায় ঝুঁটি বেঁধে টালমাটাল পায়ে ফুটবল নিয়ে তার এগিয়ে আসার দৃশ্য মন কেড়েছে নেটিজেনদের।
ইউভানের এই ফুটবল খেলার ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে। তা পোস্ট হতে না হতেই এই ভিডিওতে লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ছোট্ট ইউভানকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।





