স্লট বদলের পরেও ধরে রাখতে পারল না নিজের জায়গা। রাত সাড়ে নটায় অনুরাগের ছোঁকে হারাতে ব্যর্থ হল। এক বছর পূর্ণ হয়নি এই ধারা পাখিকে তার আগেই টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে শিমুল ও তার বন্ধুরা। অনেক আশা নিয়ে গত বছর জুলাই মাসে শুরু হয়েছিল ‘কার কাছে কই মনের কথা’ (Kar kache koi moner katha) ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরে জি বাংলার পর্দায় ফিরেছিলেন মানালি। অবশেষে শেষ হতে চলেছে পরাগ-শিমুলের কেমিস্ট্রি। চলতি সপ্তাহের মঙ্গলবারে এই ধারাবাহিকের শেষ দিনের শুটিং শেষ করেছে ‘কার কাছে কই মনের কথা’ (Kar kache koi moner katha)-র গোটা টিম। অনেকেই এই খবরটা পেয়ে বেশ দুঃখিত।
এই ধারাবাহিকের (Kar kache koi moner katha) জনপ্রিয় চরিত্র শিমুলকে কতটা মিস করবেন মানালি নিজে। অভিনেত্রী জানিয়েছেন ‘খুব সুন্দর, স্মরণীয় একটা সফর। প্রত্যেক প্রোজেক্টে কিছু না কিছু স্পেশ্যাল একটা কিছু থেকে যায়। শিমুল চরিত্রটা আমার কাছে খুব স্পেশ্যাল। কালকে শেষদিনের শ্যুটিংয় খুব মন খারাপ হয়ে গিয়েছিল। এতদিনে সবাই পরিবারের মতো হয়ে গেছে, তাই সকলকে মিস করাটা থাকবে। দর্শক শিমুলকে ভালোবেসেছে এটাই অনেক। সিরিয়ালটা শেষ হলেও আশা করছি দর্শক শুধু শিমুল নয়, কার কাছে কই মনের কথার চরিত্রগুলোকে মনে রাখবে’।
‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের (Kar kache koi moner katha) শিমুল চরিত্রটি থেকে কী শিখেছে মানালি, অভিনেত্রী বলেন, ‘প্রত্যেক কাজের পরিবেশ আসলে অভিনেতাকে কিছু না কিছু শেখায়। আর চরিত্রটা তিলে তিলে প্রতিদিন গড়ে তুলি, লেখকের সহায়তায় নিজের অজান্তেই চরিত্রটাকে আপন করে নিই। আমি পুরো জিনিসটাইকে মিস করব। এক বছরের একটা জার্নি, প্রতিদিন সকালে উঠে শিমুল হয়ে ওঠাটাকেই মিস করব’।
‘কার কাছে কই মনের কথা’ (Kar kache koi moner katha) ধারাবাহিককে প্রথম দিকে স্বামীর হাতে নির্যাতিতা শিমুলের প্রতি সহমর্মী হয়েছিল দর্শকরা। কিন্তু হঠাৎই সকলকে চমকে দিয়ে পরাগ নিজের ভুল বুঝে ভালো মানুষ হয়ে যায়। আর তারপর থেকেই এই ধারাবাহিকের টিআরপি কমতে থেকেছে। মানালির পাশাপাশি এই ধারাবাহিকে দেখা গিয়েছে, স্নেহা চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, শ্রীতমা মিত্র, রীতা দত্ত চক্রবর্তী আরও অনেককে। তবে এই ধারাবাহিকের পর বিরতি নেবেন মানালি? তার কথায়, ‘কোনও প্ল্যানিং নেই। আমি সময়ের সঙ্গে ভেসে যেতে ভালোবাসি। আর নতুন কিছু করলে তো মিডিয়ার কাছেই আগে খবর যাবে’।
উল্লেখ্য, দুপুরে ব্যস্ত ছিল মানালির স্বামী পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। তাই রাতে জামাইষষ্ঠীর আয়োজন করা হয়েছে। মানালির বাবা নিজে হাতে সব জোগাড় করেছে। জামাইষষ্ঠীর মেনুতে ছিল মাটন আর পোস্তর বড়া আরও অনেক কিছু। চলতি মাসেই শেষ হবে ‘কার কাছে কই মনের কথা’ (Kar kache koi moner katha) ধারাবাহিক।





