গাড়িটিতে তখন একটি তিন মাসের শিশু সহ দুই মহিলা রয়েছেন। তখন ঘড়িতে সাড়ে ১০টা। রাতে পথ হারিয়ে ফেলায় ইন্টারনেটে গুগল ম্যাপের সাহায্য নিতে গিয়েই হ’ল বিপত্তি। সোজা খালে গিয়ে পড়ল গাড়ি। স্থানীয়দের সাহায্যে সকলকে উদ্ধার করা হয়েছে।
অচেনা কোনও জায়গায় পথ দেখায় আমাদের গুগল ম্যাপ। কিন্তু সেই ম্যাপও মাঝে মধ্যে ভুল হতে পারে। আর যার কারণে আপনি পরতে পারেন দুর্ঘটনার মুখে। তেমনি হয়েছে কেরলে। রাতের অন্ধকারে যাত্রী নিয়ে গাড়ি পড়ল সোজা খালে।
পশ্চিম কোট্টায়াম পুলিশ সুত্রে জানা গেছে, এরনাকুলম থেকে কুমবানাদে গাড়ি করে নিজের বাড়ি ফিরছিলেন সোনিয়া নামের এক মহিলা। পেশায় তিনি একজন চিকিৎসক। সঙ্গে ছিল তাঁর তিন মাসের শিশুকন্যা, মা ও এক আত্মীয়। কিন্তু রাতে পথ হারিয়ে ফেলেন তিনি। তারপরই গুগল ম্যাপের সাহায্য নেন তিনি। ভুল রাস্তা দেখায় ম্যাপ। যার ফলে সোজা খালে পড়ে যায় গাড়ি।
তবে গাড়িতে আপৎকালীন সঙ্কেত দেওয়ার ব্যবস্থা ছিল। জলে পড়া মাত্রই সেই সঙ্কেত জারি করায় তৎক্ষণাৎ ছুটে আসেন স্থানীয় মানুষ। ঘটনাস্থলের প্রায় ৩০০ মিটার দূরে কোনও রকমে দড়ি ছুড়ে উদ্ধার করা হয় যাত্রীদের। উদ্ধার করা হয়েছে সকল যাত্রীদের। কিন্তু গাড়িটি ডুবে যায়।





