তুলসী গাছ হিন্দুরের ঘরে ঘরে পূজিত হয় দেবীরূপে। শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসীপাতা দিয়ে পুজো করা হয়। সন্ধ্যা বেলা তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দেন হিন্দু রমণীরা। মূলত সংসারের সুখ, শান্তি বজায় রাখার জন্য এমন করা হয়ে থাকে। তুলসী মঞ্চে জল ঢেলেও পুজো করা হয়। তার জন্য কিছু নিয়ম পালন করতে হয়।
বাড়িতে তুলসী গাছ থাকলে কি কি নিয়ম মেনে চলতে হবে একবার দেখে নেওয়া যাক—
• বাড়িতে তুলসী গাছ থাকলে কখনোই ফেলে রাখা উচিত নয়, প্রত্যেকদিন তাকে পূজো করা উচিত। নিত্যদিন গাছে জল ঢেলে পুজো করতে হয় এবং জল ঢালার সময় মন্ত্র উচ্চারণ করতে হয়, “মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্দ্ধিনী, আদি ব্যাধি হরা, নিত্য তুলসী ত্ব নমস্তুতে”। এই মন্ত্রোচ্চারণে দেবী সন্তুষ্ট হন।
• তুলসী পাতা তোলার হলে যখন তখনই কিন্তু তা তোলা যায় না। তুলসী পাতা তুলতে হলে শুদ্ধ কাপড়ে স্নান সেরে তবেই তুলতে হয়, এ কথা মাথায় রাখতে হবে।
• তুলসী গাছ যেখানে সেখানে বসালে হয়না। বাড়ি থেকে একটু দূরে মঞ্চ তৈরি করে সেখানে তুলসী গাছ বসাতে হয়।
• কিছু বিশেষ দিনে তুলসী পাতা তোলার নিষেধাজ্ঞা রয়েছে। যেমন- একাদশী, সূর্যগ্রহণ ও রবিবার তুলসীপাতা তুলতে নেই। এবং সূর্য ডুবে গেলে তুলসী পাতায় হাতও দিতে নেই।
• কোন কারণ ছাড়া তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। তুলসী পাতা তোলার আগে “ওম ভদ্রায় নমঃ” বলে হাততালি দিয়ে তবেই তুলতে হয়।
প্রতিদিন নিয়ম করে তুলসী গাছ পুজো করলে বজায় থাকে সুখ শান্তি এবং অর্থনৈতিক সুখ। তাই শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিজেকে বিলীন করে তাঁরই প্রিয় তুলসীকে পুজো করুন।
প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ





