বিস্কুট খেতে কে না ভালোবাসে! চটজলদি পেট ভরানোর জন্য কয়েকটি বিস্কুট মুখে পুরে দিলেই হয়। তবে বিস্কুটের সবথেকে ভালো সহযোগী হল চা। চায়ের সঙ্গে দু-চারটে বিস্কুটের স্বাদ নিতে কার না ভালো লাগে!
বিস্কুট তো নানান ধরণের হয়। কোনওটা মিষ্টি, কোনওটা নোনতা, কোনওটা আবার ঝাল-মিষ্টি, কোনওটায় আবার নানান ধরণের ক্রিম দেওয়া থাকে। একের জনের পছন্দ একেক রকমের। নানান আকারের নানান স্বাদের বিস্কুট মানুষের মন ভরায়।
তবে কখনও খেয়াল করে দেখেছেন কী বিস্কুটের গায়ে অসংখ্য ছিদ্র থাকে। সে যে কোম্পানির বিস্কুটই হোক না কেন, নানান বিস্কুটের গায়েই এই ধরণের একাধিক ছিদ্র লক্ষ্য করা যায়। কিন্তু এই ছিদ্র থাকার কী কারণ? তা হয়ত অনেকেই জানেন না। শুধুমাত্র বিস্কুটের সৌন্দর্য বৃদ্ধির কারণেই কী বিস্কুটে এই ছিদ্র থাকে?
বিস্কুটের গায়ের এই ছিদ্রের নাম হল ‘ডকার’। বিস্কুট তৈরি করার সময়েই এই ছিদ্র করে দেওয়া হয়। বিস্কুট তৈরির জন্য দরকার ময়দা, জল, চিনি, নুন। সমস্ত উপকরণ মিশিয়ে তা ছাঁচে ফেলা হয়। এরপরই মেশিনের সাহায্যে তৈরি করা হয় এই ডকার বা ছিদ্র। যদি বিস্কুট বেক করতে দেওয়ার আগে ডকার তৈরি না করা হয় তবে বিস্কুটের আকার বদলে যেতে পারে।
আসলে বিস্কুট বেক করার সময় বিস্কুটের মধ্যে দিয়ে হাওয়া চলাচল যাতে করতে পারে, তার জন্যই এই ছিদ্র করা হয় বিস্কুটের গায়ে। বিস্কুট বেক করার সময় তার মধ্যে হাওয়া ঢুকে বিস্কুট ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে বিস্কুটের আকার পরিবর্তিত হয়ে যেতে পারে আর ঠিকঠাক বিস্কুট তৈরি নাও হতে পারে। সেই কারণেই বিস্কুটের গায়ে এই ছিদ্র করা হয়।





