কোনও সময় কারোর কাজ পছন্দ না হলেই তাঁর উপর খুব রেগে যান? কথায় কথায় খুব চিৎকার করে ফেলেন? রাগের সময় আর কোনও হুঁশ থাকে না? কাজের কথাও বলতে পারেন না? যদি এমন হয়ে থাকে, তাহলে রাগকে এখনই নিয়ন্ত্রণ করুন।
হঠাৎ হঠাৎ এভাবে রেগে গেলে বা রেগে চিৎকার করলে, তা আপনার শরীরে খারাপ প্রভাব ফেলতে পারে। জেনে নিন, অতিরিক্ত রাগ আপনার কী কী ক্ষতি করতে পারে-
১) রক্তচাপ সঙ্গে সঙ্গে অনেকটা বেড়ে যেতে পারে
২) পেশিতে টান ধরতে পারে
৩) বুক ধরফর করতে শুরু করে
৪) অতিরিক্ত রেগে গেলে কেউ আবার অজ্ঞানও হয়ে যেতে পারেন
৫) দেখা দিতে পারে নানা ধরনের মানসিক সমস্যাও। উদ্বেগ বেড়ে যেতে পারে
৬) পেটের ভিতরে অস্বস্তি হওয়ার সম্ভাবনা
৭) বিরক্তির মাত্রা বাড়তে পারে আর এরে জেরে আপনার কাজে প্রভাব পড়তে পারে
8) মাথা গরম থাকলে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রে সমস্যা হতে পারে
কিন্তু এই এত রাগ কমাবেন কীভাবে? কীভাবে নিয়ন্ত্রণে আনবেন রাগকে?
১) প্রথমেই বোঝার চেষ্টা করুন, ঠিক কী কারণে প্রচণ্ড রেগে যাচ্ছেন আপনি। রাগের কারণ বুঝতে পারলে, তা নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ হবে।
২) নিজের সঙ্গে কথা বলুন। নিজেকে বোঝান যে এভাবে রাগ করলে তা আখেরে আপনারই সমস্যা বাড়াবে।
৩) হঠাৎ খুব রাগ হয়ে গেলে জোরে জোরে বড় বড় নিঃশ্বাস নিতে থাকুন। যতক্ষণ না মন শান্ত হয়, ততক্ষণ এ ভাবেই শ্বাস নিন।
৪) নিয়মিত যোগাভ্যাস করতে পারেন। এতে রাগ নিয়ন্ত্রণে থাকতে পারে।
৫) হঠাৎ কোনও কারণে রেগে গেলে কারও উপরে চিৎকার না করে দৌড়োতে চলে যেতে পারেন।






