আপনার গাড়ি কী ১০ বছরের বেশি পুরনো? বাতিল হতে পারে গাড়ি, নতুন বছরে কড়া নিয়ম চালু করছে সরকার

ডিজেলচালিত  বছরের পুরনো গাড়িকে এবার বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফে। নতুন বছরের প্রথম দিন থেকেই এই নতুন নিয়ম লাগু হতে চলেছে বলে জানা গিয়েছে। রাজ্য পরিবহণ দফতরের তরফে ইতিমধ্যেই এই নিয়ে নির্দেশ জারি করা হয়েছে।

জানা গিয়েছে, ১০ বছরের পুরনো ডিজেলচালিত গাড়ি ও ১৫ বছরের পুরনো পেট্রোলচালিত গাড়ি আর চালানো যাবে না। এই ধরণের গাড়ি চালানোকে বেআইনি বলে গণ্য করা হবে। এমনকি, পাবলিক প্লেসে কোথাও এই গাড়ি পার্কিংও করা যাবে না বলেই ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্ট ও ন্যাশানাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে মেনেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে আপাতত দিল্লি প্রশাসনই এই সিদ্ধান্ত নিয়েছে।

নিয়ম মেনে ইতিমধ্যেই বেশ কিছু গাড়িকে বাতিলের তালিকায় রাখা হয়েছে। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি থেকেই পুরনো সমস্ত ডিজেলচালিত গাড়িকে বাতিল বলে ঘোষণা করা হবে। তবে এক্ষেত্রে দিল্লি সরকার গাড়ির মালিকদের তিনটি অপশন দিয়েছে।

বলা হয়েছে, তারা যদি অন্য কোনও রাজ্যে তাদের গাড়ি বিক্রি করতে চান, তাহলে পরিবহণ দফতরের তরফে তারা নো অবজেকশন সার্টিফিকেট নিতে পারেন। পুরনো গাড়িকে রদবদল করে ইলেকট্রিক গাড়িতে রূপান্তরিত করতে পারেন। আর তিন, সরকারি নিয়ম মেনে গাড়িটিকে বাতিল বলে বিক্রি করে দিতে পারেন।

জানা যাচ্ছে, পুরনো কিছু গাড়িকে অন্যান্য রাজ্যে ফের রেজিস্ট্রেশনের জন্য পরিবহণ দফতরের তরফে ছাড়পত্র দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ, বিহার, রাজস্থান, মেঘালয়, মহারাষ্ট্র-সহ নানান রাজ্যের কিছু জেলায় এই গাড়ি শর্তসাপেক্ষে বিক্রি করা যাবে বলে জানানো হয়েছে।

RELATED Articles