দক্ষিণে প্রবল দাবদাহে সকলে যখন অতিষ্ঠ সেসময় বন্যার কবলে উত্তরের জেলা জলপাইগুড়ি। মহানগরে আজ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা দুই ডিগ্রি বেশি। অপরদিকে উত্তরের আবহাওয়া আজ বেশ মনোরম। রবিবার সকাল থেকে কোচবিহার সহ উত্তরের জেলাগুলোতে হয়েছে বৃষ্টিপাত এবং আকাশও থেকেছে প্রায় মেঘাচ্ছন্ন৷
তবে এই বৃষ্টিপাতের কারণেই কি বন্যা? না, বৃষ্টিপাতের যা পরিমাণ তাতে বন্যা হওয়ার কথা নয় উত্তরবঙ্গে। তবুও জলপাইগুরি জেলার বেশ কিছু এলাকা বন্যার কবলে। কারণটি উত্তরবঙ্গ সংলগ্ন পাহাড়ি দেশ ভুটানের আবহাওয়া৷ এই কদিনে বেশ ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে ভুটানের পাহাড়গুলোতে। আর সেই বৃষ্টির জলই ডুয়ার্সে বয়ে নিয়ে এসেছে ভুটান থেকে আসা পাহাড়ি নদী কিংবা ঝোড়াগুলো। যার জেরেই জলপাইগুড়ি জেলার এক বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পরেছে৷





