কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ঘিরে নতুন করে আইনি জটিলতায় জড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালতে নিজের বক্তব্যে অভিষেক জানান, যে কণ্ঠস্বর নিয়ে এত বিতর্ক, সেটি তাঁরই এ কথা তিনি কখনও অস্বীকার করেননি।
বিধাননগর আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, আগামী ৩০ জুন ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে। সেই অনুযায়ী সিআইডি বুধবার রাতে কালীঘাটের তাঁর বাড়িতে গিয়ে নোটিস পৌঁছে দেয়। তবে এই প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলেছেন অভিষেক।
হাই কোর্টে দায়ের করা আবেদনে তাঁর আইনজীবীরা জানান, যখন অভিযুক্ত নিজেই কণ্ঠস্বর স্বীকার করছেন, তখন আলাদা করে নমুনা সংগ্রহের প্রয়োজন কেন, সেই বিষয়টি স্পষ্ট নয়। বিচারপতি কৌশিক চন্দ এই মামলার শুনানির অনুমতি দিয়েছেন এবং আগামী সোমবার শুনানির দিন ধার্য করা হয়েছে।
এই বিতর্কের সূত্রপাত নির্বাচনী প্রচারের সময় অভিষেকের একটি মন্তব্যকে ঘিরে। তিনি বলেছিলেন, ‘৪ তারিখ ডিজে বাজবে’, যা নিয়ে পরবর্তীতে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট, ভিডিও এবং অন্যান্য তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করেছে সিআইডি।
আরও পড়ুনঃ তামান্না হ*ত্যা মামলায় নতুন করে আরও ৫ গ্রে*ফতার! ধৃ’তের সংখ্যা বেড়ে ১৬, এবার কি ধরা পড়বে মূল চক্রী? মায়ের সঙ্গে সাক্ষাতের পর তদ’ন্তে বড় অগ্রগতি, ক’ড়া বার্তায় শুভেন্দু অধিকারী!
অন্যদিকে, সই জালিয়াতি সংক্রান্ত আরেকটি মামলাতেও চাপ বাড়ছে অভিষেকের উপর। সেই মামলায় তাঁকে হাজিরা দিতেই হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে ভাবনীভবনে সিআইডির দফতরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।






