বাংলাদেশে আবার হামলা হিন্দু উপাসনাস্থলে। ৪৮ ঘণ্টায় তিনটি মন্দির ময়মনসিংহ, দিনাজপুরের জেলায় হামলার অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয়েছে ৮টি মূর্তি। ক্ষতিগ্রস্ত করা হয়েছে কালীমূর্তি-ও! আর এর ফলে নানা মহলে প্রশ্ন, এটাই কি বদলে যাওয়া ‘নতুন’ বাংলাদেশ? যতদিন যাচ্ছে এখানে সংখ্যালঘু হিন্দুদের উপর বাড়ছে নিপীড়ন ও অত্যাচার। হিংসার হাত রেহাই পাচ্ছে না ধর্মীয় স্থানগুলিও।
আপাতত যা জানা গিয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার দিন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় শাকুয়াই এলাকার বন্দেরপাড়া মন্দিরের দুইটি মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। এমনকি হামলা চালানো হয়, বিলডোরা এলাকায় পলাশকান্দা কালী মন্দিরেও।
এই মন্দিরের প্রধান সুভাষচন্দ্র সরকার এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। এরপর হামলাকারীদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে। গতকাল হালুয়াঘাট থানার ওসি আবুল খয়ের জানিয়েছেন, মন্দিরে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে আলাউদ্দিন নামে স্থানীয় এক যুবককে।
আরও পড়ুনঃ ভারত ছেড়ে লন্ডনে পাকাপাকিভাবে বিরাট-অনুষ্কা! জল্পনায় সিলমোহর পড়ল বুঝি?
আবার অন্যদিকে, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি শ্মশান কালী মন্দিরেও হামলা চালানো হয়। সেখানে মোট পাঁচটি মূর্তি ভাঙচুর করা হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত স্থানীয় হিন্দুরা। আর এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি বলে জানান মন্দির কমিটির সভাপতি জনার্দন রায়। এই নিয়ে স্থানীয়দের দাবি, মন্দির ভাঙচুরের সময় নাকি দুষ্কৃতীরা ইসকন বিরোধী স্লোগান দিচ্ছিল। বাংলাদেশে গত ৪৮ ঘণ্টায় মোট তিনটি মন্দির আক্রান্ত হওয়ায় ফের নতুন করে উদ্বেগ বেড়েছে আন্তর্জাতিক মহলে।






