স্টার জলসায় সদ্য শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় প্রথম সপ্তাহেই জমে উঠেছে এই রিয়েলিটি শো। প্রথম ক্যাপ্টেন হয়েছেন অভিনেতা ভরত কল। তবে ক্যাপ্টেন হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে একাধিক প্রতিযোগীর মতবিরোধ তৈরি হচ্ছে। এবার তনুশ্রী রায় দাসের সঙ্গে ভরতের তর্ক ঘিরে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে।
‘বিগ বস বাংলা’র প্রথম ক্যাপ্টেন হিসেবে ভরত কল চার প্রতিযোগীকে ডাগআউট হাউজে পাঠান। পরে বিগ বসের নির্দেশে ভোটাভুটির মাধ্যমে আরও দুজন সেখানে যান। বর্তমানে দীপেন্দু বিশ্বাস, দুর্নিবার সাহা, ঝিলম গুপ্ত এবং তনুশ্রী রায় দাস এই ঘরে রয়েছেন। আলাদা রেশন ও রান্নার ব্যবস্থা থাকায় তাঁরা জানিয়ে দেন, মূল বিগ বসের ঘরের কোনও কাজ তাঁরা করবেন না। এই বিষয় নিয়েই তনুশ্রীর সঙ্গে ভরতের কথা কাটাকাটি শুরু হয়।
তনুশ্রী দাবি করেন, মানুষ হিসেবে এবং ক্যাপ্টেন হিসেবেও ভরত কলের আচরণ তাঁর পছন্দ নয়। তাই ক্যাপ্টেনের কোনও নির্দেশ তিনি মানবেন না বলেও জানিয়ে দেন। পাল্টা ভরত বলেন, টাস্কে নির্দেশ না মানলে শাস্তি হিসেবে তনুশ্রীকে বাথরুম ব্যবহার করতে দেওয়া হবে না। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন অন্য প্রতিযোগীরা। মনামীও ভরতকে শান্ত থাকার পরামর্শ দেন এবং রাগের মাথায় কোনও অশ্লীল কথা না বলার জন্য সতর্ক করেন। ভরত স্বীকার করেন, তনুশ্রীর কথায় তিনি উত্তেজিত হচ্ছেন, তবে নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন।
এরপরই হঠাৎ গোটা ঘরে বিগ বসের কণ্ঠস্বর শোনা যায়। সবাইকে একসঙ্গে বসার নির্দেশ দেওয়া হয়। প্রতিযোগীরা বসতেই বিগ বস জানিয়ে দেন, এই ঘর তাঁরই এবং এখানকার প্রতিযোগীদের গোটা বাংলা চেনে। এরপরই কথাবার্তায় অতিরিক্ত ইংরেজি ব্যবহার নিয়ে আপত্তি জানানো হয়। বাংলা দর্শকদের কথা মাথায় রেখে সকলকে বাংলায় কথা বলার নির্দেশ দেওয়া হয়। বাংলা ভাষা ঠিকমতো না জানা সত্ত্বেও অ্যালেক্সজেন্দ্রা যে চেষ্টা করছেন, তাঁরও প্রশংসা করা হয়।
আরও পড়ুনঃ ‘বাসি মুখে চু*মু খাওয়ার মজাই আলাদা!’ পর্দায় উদয়-ঈশানীর চু*মু ঘিরে উত্তাল দর্শকমহল! নেপথ্যের ‘টিপস’ ফাঁস করলেন ‘পরিণীতা’য় রায়ান?
বিগ বসের এই নির্দেশে ঘরের পরিবেশে নতুন নিয়ম যোগ হল। প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হয়েছে, কথার মাঝে প্রয়োজনের অতিরিক্ত ইংরেজি বা পুরো ইংরেজি বাক্য ব্যবহার করা যাবে না। সবাইকে বাংলাতেই কথা বলতে হবে। তনুশ্রী ও ভরতের ঝামেলার পর আচমকা এই নির্দেশে প্রতিযোগীরা যেমন চমকে যান, তেমনই ‘বিগ বস বাংলা’র ঘরে ভাষা নিয়েও যে এবার কড়া নজর থাকবে, তা স্পষ্ট হয়ে গেল।






