৩৫ হাজার টাকায় ‘হিন্দুত্ববাদী’ বিশ্লেষক নিয়োগ! ২০২৬ ভোটের আগে গোপন খেলায় বিজেপি?

রাজনীতির ময়দান যেন দাবার বোর্ড। এক চাল ভুল হলেই উলটে যেতে পারে হিসেব-নিকেশ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। একদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস তাদের সংগঠন মজবুত করতে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার সাহায্য নিচ্ছে, অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপিও ঘুঁটি সাজাতে ব্যস্ত। বাংলা দখলের লক্ষ্যে বিজেপি এবার নতুন কৌশল নিচ্ছে, যার কেন্দ্রে থাকছে ‘রাজনৈতিক বিশ্লেষক’ সংস্থা।

রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দিনদিন বদলাচ্ছে। ২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপি ১৮টি আসন পেলেও, ২০২১-এর বিধানসভা নির্বাচনে তেমন সাফল্য আসেনি। এরপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আরও বড় ধাক্কা খেয়েছে বিজেপি, কমেছে তাদের সাংসদ সংখ্যা। এই অবস্থায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে গেলে শুধুমাত্র সংগঠনের শক্তি বাড়ানোই যথেষ্ট নয়, দরকার সঠিক কৌশল। সেই কৌশল নির্ধারণের জন্যই বিজেপি রাজনৈতিক বিশ্লেষকদের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে।

সূত্রের খবর, বিজেপির এই রাজনৈতিক বিশ্লেষক সংস্থাটি মূলত মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করবে। তারা খতিয়ে দেখবে বিভিন্ন এলাকার রাজনৈতিক সমীকরণ, স্থানীয় সমস্যা, জাতপাতের প্রভাব এবং ভোটারদের প্রবণতা। এছাড়া, তারা সংবাদমাধ্যমের খবর পর্যবেক্ষণ করে তার সত্যতা যাচাই করবে। এমনকি, বিজেপির প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও এই সংস্থার বড় ভূমিকা থাকবে বলে মনে করা হচ্ছে।

এই সংস্থার জন্য ইতিমধ্যেই কর্মী নিয়োগ শুরু হয়েছে। তবে এখানে কাজ করতে গেলে বেশ কিছু শর্ত মানতে হবে। আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে, থাকতে হবে স্মার্টফোন ও ল্যাপটপ চালানোর দক্ষতা। পাশাপাশি, ‘হিন্দুত্ববাদী’ রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হতে হবে এবং দু’চাকার বাহন থাকা বাধ্যতামূলক। বেতন ধার্য করা হয়েছে মাসিক ৩৫ হাজার টাকা। বিজেপির অন্দরমহলে খবর, এই নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনঃ বসন্তে অকাল গরমের হানা! রেকর্ড ছুঁই ছুঁই তাপমাত্রা, দক্ষিণবঙ্গে চলবে দাবদাহ কতদিন?

তবে এই উদ্যোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই পদক্ষেপ বিজেপির ‘ব্যাকডোর ম্যানেজমেন্ট’-এর কৌশল, যেখানে রাজনৈতিক বিশ্লেষকদের ছদ্মবেশে ভোট-প্রভাবিত করার চেষ্টা চলছে। যদিও বিজেপির একাংশ দাবি করছে, এটি নিছকই একটি ‘তথ্য বিশ্লেষণ’-এর কাজ, যাতে রাজনৈতিক পরিস্থিতি আরও ভালোভাবে বোঝা যায়। তবে ভোটের আগে এই নতুন চাল বিজেপিকে কতটা এগিয়ে দেবে, তা বলবে সময়।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles