বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে ফের এক বড় বদলের ইঙ্গিত। ভোটগণনা এখনও পুরোপুরি শেষ হয়নি, চূড়ান্ত ফল ঘোষণা বাকি, তবুও ঢাকার আকাশে সরকার গঠনের জোরালো জল্পনা। এই পরিস্থিতিতেই নয়াদিল্লি থেকে এল এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণে যার প্রভাব পড়তে পারে বহুদূর পর্যন্ত।
শুক্রবার এক্সে দেওয়া বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নির্বাচনে একচ্ছত্র জয়ের দাবির প্রেক্ষিতে বিএনপি নেতা তারেক রহমান-কে অভিনন্দন জানান। তিনি লেখেন, বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের জন্য তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা। একইসঙ্গে স্পষ্ট বার্তা দেন—গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ভারত ভবিষ্যতেও দৃঢ়ভাবে থাকবে। এই বার্তাই রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে বিএনপির দাবি, তারা ২১২টি আসনে জয়লাভ করেছে, যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন। প্রধান প্রতিদ্বন্দ্বী Jamaat-e-Islami জোট পেয়েছে ৭০টি আসন এবং অন্যান্যরা জিতেছে ছয়টি আসনে। যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি, বিএনপির মিডিয়া সেল জানিয়েছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে।
এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অন্তর্বর্তী প্রশাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার বেছে নিতে। ২০২৪ সালের অগস্টে আওগামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব নেন মুহাম্মদ ইউনুস। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে যায়। সেই প্রেক্ষাপটেই এবারের নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ Viral video : ‘সেক্স করোগে?’—উবের চালককে সরাসরি অ*শ্লীল প্রস্তাব, ‘না’ শুনেই যাত্রীর রাইড বাতিল!
উল্লেখযোগ্যভাবে, দীর্ঘ ১৭ বছরের বেশি সময় স্বেচ্ছানির্বাসনে থাকার পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। জয়ের আবহেও তিনি দলীয় কর্মীদের বিজয় মিছিল থেকে বিরত থেকে দেশজুড়ে বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি চূড়ান্ত ফল একই থাকে, তবে প্রায় ৩৫ বছর পর বাংলাদেশ পেতে চলেছে এক নতুন পুরুষ প্রধানমন্ত্রী। আর সেই সঙ্গেই ভারত-বাংলাদেশ সম্পর্কের সমীকরণেও খুলতে পারে এক নতুন অধ্যায়।





