এই নিয়ে এক মাসের মধ্যে পাঁচটি বড় চুক্তিতে আবদ্ধ হল মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও।
এবারে ১১,৩৬৭ কোটি টাকা বিনিয়োগ করল মার্কিন প্রাইভেট ইক্যুইটি জায়েন্ট কেকেআর। জিও-র তরফে ঘোষণা করা হয়েছে, তাঁদের ২.৩২ শতাংশ শেয়ার কিনছে কেকেআর। গত চার সপ্তাহে এই নিয়ে পাঁচটি বড় চুক্তিতে আবদ্ধ হল মুকেশ আম্বানির সংস্থা। কেকেআর ছাড়াও ফেসবুক, সিলভার লেক পার্টনারস, ভিস্তা ইক্যুইটি এবং জেনারেল আটলান্টিকের থেকে মোট ৬৭,১৯৪.৭৫ কোটি টাকার বিনিয়োগ টেনেছে জিও। এবং এর ফলে এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হিসাবে আবারও উঠে এসেছেন মুকেশ আম্বানি। এই বিনিয়োগের ফলে বর্তমানে তাঁদের কোম্পানিতে বিনিয়োগ বাড়ল আরও ৭৮,৫৬২ কোটি।
এশিয়ায় কেকেআর-এর বৃহত্তম সবথেকে বড় বিনিয়োগ এটি। তাঁদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ‘এটা এশিয়ায় কেকেআর-এর বৃহত্তম বিনিয়োগ। তাঁরা জিও-র ২.৩২ শতাংশ শেয়ার কিনেছে।’
এর আগে, ফেসবুক তাদের ৯.৯৯% শেয়ার কিনেছে। গত ২২ এপ্রিল ফেসবুক জিওতে ৪৩,৫৭৪ কোটি টাকা বিনিয়োগ করে। সেই চুক্তির দিনেই, বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি বিনিয়োগকারী সংস্থা ৫,৬৬৫.৭৫ কোটি টাকায় জিও-র ১.১৫ শতাংশ শেয়ার কেনে।
এরপর ৮ই মে ভিস্তা ইক্যুইটি পার্টনার্স ১১,৩৬৭ কোটি টাকার বিনিময়ে মুকেশ আম্বানির কোম্পানির ২.৩২ শতাংশ শেয়ার কেনে। ১৭ মে আন্তর্জাতিক ইক্যুইটি সংস্থা জেনারেল আটলান্টিক ৬,৫৯৮ কোটির বিনিময়ে ১.৩৪ শতাংশ শেয়ার কেনে জিও।
বিশ্বের প্রথমসারির বিনিয়োগকারীদের লগ্নির ফলে জিও খুব সহজেই তাঁদের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে বলে মনে করছে এই কোম্পানি। বিবৃতিতে তাঁরা জানিয়েছে, ‘রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নিজস্ব সংস্থা জিও প্ল্যাটফর্ম, একটি ভবিষ্যত প্রজন্মের প্রযুক্তি প্ল্যাটফর্ম, যাঁরা উন্নত প্রযুক্তির সাহায্যে ভারতে সাধ্যের মধ্যে ডিজিটাল পরিষেবা ৩৮৮ মিলিয়ন ক্রেতাকে দিচ্ছে’।






