কয়েকদিন আগেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড গাওয়ার জোর সওয়াল করে বলেছিলেন, ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা অর্থাৎ আইসিসি-কে নেতৃত্ব দেওয়ার সবরকমের ক্ষমতা রয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মধ্যে। এবার গাওয়ারের সুরেই সুর মেলালেন আরও এক প্রাক্তন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথও মনে করেন সৌরভ গাঙ্গুলিই আইসিসি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ব্যক্তি।
গড অফ দি অফসাইড এখন প্রকাশক হিসেবে প্রতিষ্ঠিত। বঙ্গ ক্রিকেটের সর্বময় কর্তা থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে সুনামের সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রধান হিসেবে দেখতে চেয়ে স্মিথ বলেন, “আইসিসি-র প্রধান হিসেবে সঠিক ব্যক্তির বসা অত্যন্ত জরুরি। আমার মনে হয় এর জন্য সৌরভ গাঙ্গুলিই যোগ্য ব্যক্তি।” প্রসঙ্গত, তিনি নিজেও বর্তমানে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ডিরেক্টর।
এর আগে সৌরভের প্রশংসা করে গাওয়ার বলেছিলেন, ‘সৌরভের সব চেয়ে বড় গুণ, ও খুব ভালো মানুষ। সঠিক মনোভাবের সঙ্গে ইতিবাচক মানসিকতা ওকে অনেকটাই এগিয়ে রাখবে অন্যদের চেয়ে। কোনও পরামর্শ নেওয়ার আগে ও সকলের পরামর্শ নেয়। এটা ওর বরাবরের স্বভাব। তার পরে সঠিক সিদ্ধান্ত নেয়।’
করোনা পরবর্তী সময়ে আইসিসি-র শীর্ষ পদে সৌরভকে দেখতে চেয়ে ডেভিড গাওয়ারের পর এবার জোরালো সওয়াল করছেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক গ্রেম স্মিথও।






