দেশের নানান টেলিকম সংস্থাগুলি গত বছরই বেশ কয়েকগুণ বৃদ্ধি করেছে নানান রিচার্জ প্ল্যানগুলি। এর জেরে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকরা। এই দামবৃদ্ধির জেরে সাধারণ মানুষের পকেটে টান পড়েছে। শুধু দাম বাড়ানোই নয়, বেশ কিছু প্ল্যান থেকে কিছু সুবিধাও বাতিল করেছে টেলিকম সংস্থাগুলি।
প্রথমে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এয়ারটেলের তরফে। তবে পরবর্তীতে জিও, ভোডাফোন, এয়ারটেল সমস্ত টেলিকম সংস্থাগুলিই তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। গত মাসে ফের প্রি-পেড প্ল্যানের দাম বাড়ায় সংস্থাগুলি। হিসাব অনুযায়ী, সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে প্রায় ২৫ শতাংশ।
এবার ফের এল দুঃসংবাদ। ফের একবার রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে চলেছে ভোডাফোন-আইডিয়া। ইতিমধ্যেই এই বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার কর্ণধার রবিন্দর টক্কর।
দিন কয়েক আগেই মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের তরফে একটি প্রতিবেদনে জানানো হয় যে ভোডাফোন-আইডিয়ার টারিফ প্ল্যানগুলিকে ব্যয়বহুল করা উচিত। সেই সময় সংস্থার তরফে কিছু না জানানো হলেও এবার রবিন্দর টক্কর জানান যে সংস্থার সবচেয়ে সস্তা ৯৯ টাকার ৪জি প্ল্যানটি চাহিদা অনুযায়ী বেশ ব্যয়বহুল। তিনি আরও জানান যে এই বছর তদের রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করা হবে।
চলতি বছর না হলেও, ২০২৩-এর প্রথমের দিকে প্ল্যানগুলি দাম বাড়াবে ভোডাফোন-আইডিয়া। নতুন এই শুল্কের ফলে কোম্পানির প্রতি ব্যবহারকারী পিছু গড় আয় প্রায় ১.৯ গুন বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
বলে রাখি, এই রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির কারণে ভোডাফোন-আইডিয়ার গ্রাহকের সংখ্যাও কমেছে। ২০২১ সালে ডিসেম্বরে প্ল্যানের দাম বৃদ্ধি হওয়ার পর প্রায় ৩ কোটি গ্রাহক হারিয়েছে কোম্পানি।





