আগামীকাল ২৬ জানুয়ারি। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি দিনটি থেকে ভারতীয় সংবিধান কার্যকর হয়। আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারতবর্ষ। এই দিনটিকেউ Republic Day বা প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস বলা হয় এই দেশে। এবার জানা যাক এইদিন কী কী অনুষ্ঠান হয়?
• দিল্লিতে আয়োজিত হয় কুচকাওয়াজ বা প্যারেড। আট কিলোমিটারের কুচকাওয়াজ শুরু হয় রাজপথ থেকে। সেই প্যারেড শেষ হয় ইন্ডিয়া গেটে।
• সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বিভিন্ন রাজ্যের ট্যাবলো অংশ নেয়। প্যারেডে অংশ নেই ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনা। ট্যাবলোগুলি দেশের নানা সংস্কৃতির পরিচয়। দেশের নানা ধরনের সংস্কৃতির সঙ্গে দেশবাসী বা বিদেশের মানুষের পরিচয় করানোই এর মূল লক্ষ্য।
• অনুষ্ঠানের শুরুতেই সকালে রাষ্ট্রপতি রাজপথে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। কুচকাওয়াজের মতোই এটিও একটি অন্যতম বড় আকর্ষণ গোটা দেশের মানুষের কাছে।
• পদ্মশ্রী প্রাপকদের আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে। রাষ্ট্রপতি তাঁদের পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন।
• শুধু পদ্মশ্রী নয়, সেনাবাহিনীতে বীরত্বপূর্ণ কাজের জন্য এদিন পরম বীর চক্র, অশোক চক্র এবং বীর চক্র সম্মান দেওয়া হয়।
এই বছর রাষ্ট্রপতি কোভিন্দ জাতির উদ্দেশ্যে সকাল ৭টায় ভাষণ দেবেন। তবে মহামারীর কারণে সমগ্র অনুষ্ঠানের আয়োজন হবে ছোট করে এবং অল্প পরিসরে। যাঁরা উপস্থিত থেকে অনুষ্ঠানগুলি চাক্ষুষ দেখবেন সেই অতিথিদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুটি ভ্যাকসিন নিলে তবেই অনুষ্ঠানে উপস্থিত থাকা যাবে এবং ১৫ বছর বয়সের নিচের শিশুদের প্রবেশ নিষিদ্ধ। ভ্যাকসিন সার্টিফিকেট রাখতে হবে নিজেদের সঙ্গে।






