ICEGATE ইন্টিগ্রেশনের পর সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বুলিয়ন এক্সচেঞ্জে (IIBX) সোনা আমদানি করার জন্য পূর্ব ভারত থেকে প্রথম যোগ্য জুয়েলার্স হিসেবে গণিত হয়েছে, এমনটাই ঘোষণা করা হয়েছে কোম্পানির তরফে। চলতি বছরের মার্চ মাসে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার অথরিটি বা IFSCA-এর দ্বারা যোগ্য জুয়েলার্স হিসাবে বিবেচিত হয়েছিল। সেই ব্র্যান্ডই এবার তাদের সোনা আমদানির জন্য IIBX-এ বুলিয়ন ডিপোজিটরি রসিদ (BDR) কেনার অনুমতি পেয়েছে।
জানা যাচ্ছে, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নিজেদের এই প্রথম ব্যবসা সফলভাবে সম্পন্ন করেছে। ৩০ মিনিটের মধ্যে বিডিআর স্থাপনে সক্ষম হয়েছে তারা। আর এর জেরেই ICEGATE বাস্তবায়নের পর সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গোল্ড মিনি ৯৯৯ ১০০ গ্রাম অর্থাৎ ৯৯৯ বিশুদ্ধতার সোনার বার নিয়ে ব্যবসা করার জন্য পূর্ব ভারত থেকে প্রথম কোম্পানি হিসেবে পরিচিতি পেয়েছে।
২০২২ সালের জুলাই মাসে ভারতের প্রথম ইন্টারন্যাশনাল বুলিয়ন এক্সচেঞ্জ (IIBX) গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটি অর্থাৎ GIFT সিটিতে ভারতে বুলিয়ন আমদানির গেটওয়ে হিসাবে কাজ করা শুরু করে।
ইন্ডিয়ান কাস্টমসের জাতীয় পোর্টাল ইন্ডিয়ান কাস্টমস ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ গেটওয়ে (ICEGATE), বাণিজ্য ব্যবহারকারী ও শুল্ক বিভাগের মধ্যে একটি ইন্টারফেস হিসেবে কাজ করে। আন্তর্জাতিক ব্যবসায় জড়িত বহিরাগত ব্যবসায়িক অংশীদারদের সাথে তথ্য আদান-প্রদানের কেন্দ্র হিসাবে কাজ করে এই পোর্টাল। গত ১০ই মে IIBX-এর সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় এই পোর্টাল। IIBX-এর মাধ্যমে অলঙ্কার রপ্তানিকারকরা সোনা আমদানি করার সময় প্রতিযোগিতামূলক হারের সুবিধা নেওয়ার জন্য এই প্রক্রিয়াগুলি কাজে লাগাতে পারেন।
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ম্যানেজিং ডিরেক্টর ও কর্ণধার শুভঙ্কর সেন এই বিষয়ে বলেন, “IIBX-এর সূচনা সত্যিই একটি গুরুত্বপূর্ণ সংস্কার ছিল যা যোগ্য জুয়েলার্সকে সোনা আমদানি করার সুযোগ করে দিয়েছে। CEGATE বাস্তবায়নের পরে এই প্ল্যাটফর্মে ব্যবসা করা প্রথম কোম্পানিগুলির মধ্যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস একটি হওয়ায়, তা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ আমরা সবসময় একধাপ এগিয়ে থাকতে বিশ্বাস করি। আমরা খুশি যে আমরা IIBX দ্বারা প্রদত্ত সুবিধাগুলি ব্যবহার করতে পেরেছি। আর এর জন্য IFSCA কাস্টমস কর্তৃপক্ষ, অশোক গৌতম এবং IIBX টিমের কাছেও আমরা খুবই কৃতজ্ঞ”।





