গতকাল, রামমন্দিরের উদ্বোধনের দিন স্টক মার্কেটে বড় রেকর্ড তৈরি করেছিল ভারত। হংকং-কে পিছনে ফেলে স্টক মার্কেটে চতুর্থ স্থানে পৌঁছয় ভারত। কিন্তু পরদিনই বড় ধস শেয়ার মার্কেটে। এক ধাক্কায় স্টক মার্কেটের মূলধন ৩৬৬ লক্ষ কোটি টাকায় নেমে গিয়েছে বলে খবর।
শেয়ার বাজারে বড় ধস
আজ, মঙ্গলবার শেয়ার বাজার খুলতেই সূচকগুলি বাড়ছিল ভালোভাবেই। সকাল ৯টা ১৫ মিনিটে ভারতীয় স্টক এক্সচেঞ্জের ব্যাঙ্ক নিফটির সূচক বৃদ্ধি পায় ৫৬০.৩৪ পয়েন্টে। নিফটি সূচকও পৌঁছে গিয়েছিল ২১৭৩১.২৫-তে। কিন্তু বেলা বাড়তেই নিম্নমুখী হতে থাকে নিফটি সূচক। প্রায় ২.২৬ শতাংশ নিম্নগামী হয় ব্যাঙ্ক নিফটি সূচক। জানা গিয়েছে, এই ধসের জেরে প্রায় ৮ লক্ষ কোটি টাকা হারিয়েছে বিনিয়োগকারীরা। সমস্ত BSE- তালিকাভুক্ত স্টকের বাজারের মূল্য ৩৬৬ লক্ষ কোটি টাকায় নেমে গিয়েছে।
নিফটি সূচক কমল ব্যাপক হারে
বিকাল ৩:৩০টের সময় সেনসেক্স সূচক কমেছে ১,০৫৩.১০ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ। বর্তমান সূচক ৭০,৩৭০.৫৫। অন্যদিকে, নিফটি সূচক স্তরে কমেছে ৩৩৩ পয়েন্ট বা ১.৫৪ শতাংশ। বর্তমান নিফটি সূচক ২১,২৩৮.৮০।
সূত্রের খবর, বৃহত্তর বাজার ও মিডিয়া, রিয়েলটি, ব্যাঙ্ক, ফিনান্সিয়াল সার্ভিসেস ও এফএমসিজির মতো সেক্টরের সূচকগুলি হ্রাস পেয়েছে। যে সমস্ত সংস্থার স্টক নেমেছে, সেগুলি হল- রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া, চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন, ওবেরয় রিয়েলটি, ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস, হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন, জিন্দাল স্টেইনলেস, টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রেল বিকাশ নিগম, ইত্যাদি।
গতকালই রেকর্ড সৃষ্টি করল ভারত
আজ শেয়ার মার্কেটের এমন অবস্থা হলেও গতকাল, সোমবারই কিন্তু স্টক মার্কেটে বড় রেকর্ড তৈরি করেছে ভারত। হংকং-কে পিছনে ফেলে বিশ্বের মধ্যে চতুর্থ বড় স্টক মার্কেট হিসেবে নিজের স্থান গড়েছে ভারত। এই তালিকায় প্রথমে স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয়তে চিন এবং তৃতীয় স্থানে রয়েছে জাপান।
ব্লুমবার্গ থেকে পাওয়া তথ্য বলছে, গতকাল শেয়ার বাজারের হিসেব অনুযায়ী, ভারতীয় এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারের মোট মূল্য শেষ পর্যন্ত $৪.৩৩ ট্রিলিয়ন। আর হংকংয়ের শেয়ারের মোট মূল্য ছিল $৪.২৯ ট্রিলিয়ন। এই হিসেবেই হংকং-কে সরিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম ইকুইটি বাজার হয়ে উঠেছিল ভারত। কিন্তু আজই ধস শেয়ার বাজারে। প্রশ্ন একটাই, তাহলে কী রামমন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান ভালো মতো গ্রহণ করল না শেয়ার বাজার?





