নিজেদের গ্রাহকের জন্য ফক্সওয়াগেন ইন্ডিয়া নিয়ে এল দুর্দান্ত সুযোগ। মাত্র ৫৫০ টাকা দেওয়ার বদলে এক মুল্যবান ফক্সওয়াগেন গাড়ির মালিকানা পেতে পারেন আপনি। অরিক্স কোম্পানির সঙ্গে সহযোগিতায় এই নতুন উদ্যোগ নিল ফক্সওয়াগেন। এই উদ্যোগের জেরে ফক্সওয়াগেন পোলো, ভেন্টো ও টি-রক গাড়ি হয়ে যেতে পারে শুধু আপনার।
ফক্সওয়াগেন ইন্ডিয়া চালু করল সাবস্ক্রিপশন-ভিত্তিক একটি মালিকানা কর্মসূচি। এর ফলে ফক্সওয়াগেনের উক্ত গাড়িগুলির মধ্যে একটির মালিকানা থাকবে আপনার কাছে। দেশের ৭টি শহরের ৩০টি ফক্সওয়াগেন আউটলেট থেকে এই সাবস্ক্রিপশন নেওয়ার সুযোগ রয়েছে। এই শহরগুলি হল দিল্লি, পুনে, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, আহমেদাবাদ, ও হায়দ্রাবাদ।
ইজারার বদলে গ্রাহক পেয়ে যাবেন ফক্সওয়াগেনের তরফে একটি সাদা-প্লেটের গাড়ি। ফক্সওয়াগেন ও অরিক্সের তরফে এই গাড়ির ১০০ শতাংশ রাস্তার নানান অর্থনৈতিক খরচা, রক্ষণাবেক্ষণ, ও বিমার খরচ এই গাড়ির ভাড়ার মধ্যেই অন্তর্ভুক্ত করা হবে।
২৪, ৩৬ ও ৪৮ মাসের মেয়াদে এই গাড়ি পাওয়া যাবে। এই সময়ের মধ্যে গ্রাহক গাড়ি ফেরত বা অন্য গাড়িও নিতে পারেন। ফক্সওয়াগেন পোলোর জন্য ভাড়া শুরু হচ্ছে ১৬,৫০০ টাকা থেকে। আবার ভেন্টোর জন্য ভাড়া শুরু ২৭,০০০ টাকা থেকে ও টি-রক-এর জন্য ভাড়া শুরু ৫৯,০০০ টাকা থেকে।
এই বিষয়ে ফক্সওয়াগেন ইন্ডিয়ার ডিরেক্টর জানান, “গাড়ি সাবস্ক্রিপশন বিষয়টি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে শহরের তরুণ মধ্যবিত্ত যুবক-যুবতীদের মধ্যে। এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। অরিক্সের সহযোগিতা পেয়ে আমরা খুব আপ্লুত। আমরা আমাদের গ্রাহকদের এই মালিকানা পাইয়ে দেওয়ার অভিজ্ঞতা ও তাদের গ্রহণযোগ্যতার উপর আরও ভালোভাবে নজর দেব”।





