রাজনৈতিক ক্ষেত্রে জনপ্রতিনিধি হিসেবে ২০ বছর পূর্ণ হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এরই সঙ্গে সামনেই রয়েছে নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিন। এই উপলক্ষ্যে এবার তাই মধ্যপ্রদেশে তৈরি হচ্ছে ১০৭০টি ‘নমো পার্ক’।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের প্রতিটি মণ্ডলে একটি করে নমো পার্ক তৈরি করা হবে। দলীয় কর্মীদের এমনই নির্দেশ দেওয়া হয়েছে প্রদেশ বিজেপি সভাপতির তরফে। এই পার্ক দলীয়ভাবে তৈরি হলেও এর জন্য সরকারের কাছ থেকে জমি চাওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুন- এবার ত্রিপুরায় যাচ্ছেন শুভেন্দু অধিকারী, তৃণমূলকে টক্কর দিতে ময়দানে রাজ্য বিজেপি
এই প্রত্যেক পার্কে কমপক্ষে ৭১টি করে চারাগাছ লাগানোর কথা বলা হয়েছে কর্মীদের। রাজ্যের ১০৭০টি পার্কে মোট ৭৫ হাজার ৯৭০টি চারাগাছ লাগানোর উদ্যোগ নিচ্ছে বিজেপি। আগামী ২৯, ৩০ ও ১ অক্টোবর এই কর্মসূচী পালন করা হবে। এর পাশাপাশি গাছগুলি যাতে সঠিকভাবে বেড়ে ওঠে ও যত্ন পায়, এই কারণে প্রত্যেক বাগানের জন্য ৭১ জন করে দলীয় কর্মিকে নিয়োগ করা হবে এমনও জানা গিয়েছে।
বলে রাখি, ২০০১ সালের ৭ই অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদী। এরপর দীর্ঘ ১৩ বছর মুখ্যমন্ত্রী থাকার পর ২০১৪ সালে প্রধানমন্ত্রীর গদিতে বসেন তিনি। এরপরও কেটে গিয়েছে ৭ বছর। আগামী ৭ই অক্টোবর জনপ্রতিনিধি হিসেবে ২০ বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ১৭ই সেপ্টেম্বর তাঁর জন্মদিন। এই কারণে ১৭ই সেপ্টেম্বর থেকে আগামী ৭ই অক্টোবর পর্যন্ত দীর্ঘ ২০ দিন ব্যাপী নানান কর্মসূচির উদ্যোগ নিয়েছে বিজেপি।
আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসার ঘটনায় ফের চার্জশিট পেশ সিবিআইয়ের, নদিয়ার বিজেপি কর্মী খুনে নাম ১৫ জনের
এই উদ্দেশ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিজেপি পদাধিকারীদের চিঠিও পাঠিয়েছেন। এদিকে কৈলাস বিজয়বর্গীয়ের নেতৃত্বে গঠিত হয়েছে একটি কমিটি। এই কমিটি বিজেপির নতুন কর্মসূচি সেবা ও সমর্পণ অভিযানের তত্ত্বাবধান করবে। এছাড়াও বিজেপি কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তারা প্রধানমন্ত্রী মোদীর সমর্থকদের খুঁজে বের করে মোট ৫ কোটি চিঠি জোগাড় করেন। প্রধানমন্ত্রী যদি কোনও উপহার পান, তাহলে তা নিলামে তোলার পরিকল্পনাও করছে বিজেপি। নিলামের এই অর্থ নমামি গঙ্গে প্রকল্পে দান করা হবে, এমনটাই জানা গিয়েছে।





