দিন হোক বা রাত, ঝড়বৃষ্টি, প্রখর রোদ সহ্য করেই কাজ করতে হয় তাদের। শহরের যানবাহন নিয়ন্ত্রণ থেকে শুরু করে পথচলতি মানুষের নিরাপত্তা, সবটাই তাদের দায়িত্ব। সেই কারণে এবার ট্র্যাফিক পুলিশের কথা মাথায় রেখে এক দারুণ উদ্যোগ নিল গুজরাত সরকার।
পরীক্ষামূলকভাবে চালু করা হল এসি হেলমেট। ইতিমধ্যেই বেশ কয়েকজন ট্র্যাফিক পুলিশ এই এসি হেলমেট ব্যবহার করছেন। এই হেলমেট একদিকে যেমন মাথাকে ঠাণ্ডা রাখছে, তেমনই আবার ধুলোবালি থেকে রক্ষা করছে।
কেমন এই এসি হেলমেট?
অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে এই এসি হেলমেট। এর ওজন ৫০০ গ্রাম। ব্যাটারিতে চলে এই এসি হেলমেট। একবার চার্জ দিলে তা ৮ ঘণ্টা অবধি কাজ করে। নয়ডার সংস্থা করম সেফটি প্রাইভেট লিমিটেড তৈরি করেছে এই হেলমেট।
সংস্থার তরফে জানানো হয়েছে, পরিবেশ থেকে বাতাস নিয়ে তাকে পরিশুদ্ধ করে হেলেমেটের ভিতর সরবরাহ করে এই হেলমেট। এর জন্যে কাজ করে একটি মোটর। পাশাপাশি প্লাস্টিকের হেলমেট রোদ-বৃষ্টি থেকেও মাথা বাঁচাবে।
কেমন কাজ দিচ্ছে এই এসি হেলমেট?
গত ১০ অগস্ট থেকে গুজরাত শহরের ট্রাফিক কনস্টেবলরা এই হেলমেটের ব্যবহার শুরু করেছে। আপাতত পরীক্ষামূলকভাবে ৬ জন ট্রাফিক কনস্টেবলকে এসি হেলমেট দেওয়া হয়েছে। ওই পুলিশকর্মীরা ইতিমধ্যে এসি হেলমেটের সুবিধার কথা জানিয়েছেন। এক ট্রাফিক কনস্টেবল জানাচ্ছেন, “এসি হেলমেট দারুণ। দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে সুবিধা হচ্ছে”।





